টলিউড ইন্ডাস্ট্রি এখন চটে লাল লীনা গাঙ্গুলি ও তাঁর প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের উপর। নেপথ্যে লীনা গাঙ্গুলির ধারাবাহিক 'ভোলেবাবা পার করেগা'র শুটিং করতে গিয়ে জলে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির অকালমৃত্যু। এই ঘটনার ফলে নড়েচড়ে বসেছে আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন। প্রশ্ন উঠেছে শুটিং ফ্লোরে অভিনেতা ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে। এই প্রেক্ষিতে টলিউড থেকে ব্যান করা হয়েছে লীনাকে। সঙ্গে ব্যান হয়েছে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস ও অর্গানিক স্টুডিও। এই ঘটনার পর মুখ খুলেছেন টলিপাড়ার বহু তারকা। জানিয়েছেন, তাঁদের সঙ্গে ঘটা অনাচারের কথা। 

 

এবার মুখ খুললেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি। সমাজমাধ্যমে তিনি নাম না করেই একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। কনীনিকা লিখেছেন, 'আট বছর আগে কিয়া তখন পেটে, তিন মাসের পেমেন্ট এরা আমায় দেয়নি, স্পেশাল কমিটি বসিয়ে বলা হয়েছিল আমায় এক টাকাও দেবে না এরা...তিন মাস খাটার পরও ওরা আমায় আমার টাকা দেয়নি, আমায় কেস করতে বলা হয়েছিল, আমি কেস করতে পারিনি কারণ আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। শারীরিক কমপ্লিকেশন বাড়ছিল, অভাব কাকে বলে বাচ্চা পেটে আমি দেখেছি.। সব ভুলে গিয়েছিলাম... কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে গেল...এটা মেনে নিতে পারছি না!!'

 

কনীনিকা কারওর নাম বা কোন কাজের পারিশ্রমিকের কথা বলছেন তা উল্লেখ না করলেও পুরোটাই বুঝে গিয়েছেন নেটিজেনরা। সমাজমাধ্যমে কনিনীকার এই পোস্টর নিচে মন্তব্য করে নেটিজেনরা জানিয়েছেন, এই ঘটনা 'অন্দরমহল' ধারাবাহিক করার সময় কনিনীকার সঙ্গে ঘটেছিল। 

 

জি বাংলায় সম্প্রচারিত হত 'অন্দরমহল'। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন কনীনিকা। এই ধারাবাহিকটির লেখিকা ও প্রযোজক ছিলেন লীনা গাঙ্গুলি। এত বছর পর এই ধারাবাহিকের আড়ালে ঘটা বিকৃত ঘটনা নিয়ে এবার সরব হলেন কনীনিকা।