শয্যাশায়ী কিরণ রাও! সমাজমাধ্যমে বিছানায় শয্যাশায়ী ছবি দিয়ে কির‌ণ জানান, তাঁর চিকুনগুনিয়া হয়েছে। যদিও এই সময় বাড়িতে একাই রয়েছেন কিরণ। ছবিতে পায়ের কাছে একগুচ্ছ বই রাখা। কিন্তু বিছানা ছেড়ে উঠে বই পড়ার মতো শক্তি নেই। কিরণ জানান, একটু সুস্থ হয়ে তিনি আবারও বই পড়া শুরু করবেন।

 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই দুঃসংবাদটি ভাগ করে নিয়েছেন তিনি। অসুস্থতার মধ্যেও অনুরাগীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ‘লাপাতা লেডিস’-এর পরিচালক।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেন কিরণ। ছবিতে দেখা যাচ্ছে, তিনি শুয়ে আছেন এবং মুখে এক চিলতে হাসি। তবে অসুস্থতার ছাপ স্পষ্ট। সেই ছবিতে তাঁর প্রিয় পোষা বিড়াল 'মিরি'কেও দেখা যাচ্ছে। মজা করে কিরণ লিখেছেন, "আমি এখন চিকুনগুনিয়ায় ভুগছি। আর মিরি একজন দক্ষ প্যারামেডিকের মতো আমার জ্বরের ওপর কড়া নজর রাখছে।"

চিকুনগুনিয়া একটি মশাবাহিত ভাইরাল সংক্রমণ, যা প্রচণ্ড জ্বর এবং হাড়ের সংযোগস্থলে তীব্র ব্যথার জন্য পরিচিত। কিরণ জানান, শরীরের গাঁটে গাঁটে অসহ্য ব্যথা হচ্ছে তাঁর। নিজের অসুস্থতার কথা জানিয়ে তিনি লেখেন, "সবকিছু খুব ধীরগতিতে করতে হচ্ছে। বন্ধুদের পাঠানো কার্ডগুলো দেখছি আর সময় পেলে বই পড়ার চেষ্টা করছি—যদিও হাত দিয়ে বই ধরে রাখাও এখন বেশ কষ্টের। জয়েন্টের ব্যথা সত্যিই খুব যন্ত্রণাদায়ক। তাই দয়া করে আপনারা সবাই প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করুন।"

 

 

কিরণ রাও বহুদিন আগেই বলিউডে নিজের পরিচিতি তৈরি করেছেন। ২০১১ সালে 'ধোবি ঘাট' ছবির মাধ্যমে পরিচালক হিসেবে তাঁর যাত্রা শুরু হয়। এর আগে তিনি 'পিপলি লাইভ', 'দিল্লি বেলি', 'দঙ্গল' এবং 'সিক্রেট সুপারস্টার'-এর মতো সফল ছবি প্রযোজনা করেছেন। ২০২৪ সালে তার পরিচালিত 'লাপাতা লেডিস' ছবিটি দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এমনকী এটি অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবেও নির্বাচিত হয়েছিল।

 

 

বর্তমানে কিরণ তাঁর পরবর্তী বড় প্রজেক্ট 'লাস্ট স্টোরিজ ৩'-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন। নেটফ্লিক্সের এই অ্যান্থোলজি সিরিজে বিক্রমাদিত্য মোতওয়ানে, বিশাল ভরদ্বাজ এবং শকুন বত্রার মতো খ্যাতিমান পরিচালকদের সঙ্গে কাজ করছেন তিনি। এতে রাধিকা আপ্তে, কঙ্কনা সেন শর্মা, বিজয় বর্মা এবং আল ফজল সহ একঝাঁক তারকাকে দেখা যাবে। কিরণের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগী থেকে নেটিজেনরা।