সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

'চড়ক' নিয়ে নতুন সমস্যায় 'দ্য কেরালা স্টোরি'র সুদীপ্ত সেন! 

'দ্য কেরালা স্টোরি' ছবির পরিচালক সুদীপ্ত সেন আবার সেন্সর বোর্ডের সঙ্গে নতুন সমস্যায় জড়িয়ে পড়েছেন! তাঁর আগামী ছবি 'চড়ক'। পরিচালক শিলাদিত্য মৌলিক। কিন্তু জানা গিয়েছে, এই ছবিটিকে নাকি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের তরফে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। কিন্তু কেন সেন্সর বোর্ডের তরফে 'চড়ক'কে সার্টিফিকেট দিতে অস্বীকার করা হচ্ছে, সেই বিষয়ে কোনও ধারণা নেই বলেই জানালেন চিত্রনির্মাতা। সম্প্রতি এই বিষয়ে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে সুদীপ্ত সেন জানিয়েছেন তিনি 'চড়ক' ছবিটির প্রযোজক, কিন্তু এটিকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হচ্ছে না সেন্সর বোর্ডের তরফে। চলতি সপ্তাহেই ছবিটির ঝলক মুক্তি পেয়েছে। এই ছবিতে কিন্তু হিন্দু সম্প্রদায়ের মধ্যে 'চড়ক'-এর দিন যে নিয়ম বা রীতি মানা হয় সেগুলোকে তুলে ধরা হয়েছে। রয়েছে নরখাদকের দৃশ্যও। সেন্সর বোর্ডের তরফে সেইসব দৃশ্যগুলোকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সার্টিফিকেট দিতে অস্বীকার করার নেপথ্যের আসল কারণ অজানা বলেই জানিয়েছেন সুদীপ্ত সেন।

'বারাণসী'তে রামের ভূমিকায় ধরা দেবেন মহেশ বাবু? ছবি মুক্তির আগেই ফাঁস ঝলক

হাতে তীর ধনুক, পরনে গেরুয়া বসন। সম্প্রতি এমনই এক ছবি প্রকাশ্যে এসেছে। আর সেই পোস্টার দেখে নেটিজেনরা দাবি করছেন এসএস রাজামৌলির আগামী ছবি 'বারাণসী'তে রামের ভূমিকায় ধরা দেবেন মহেশ বাবু। সমাজমাধ্যমে বর্তমানে এই ছবিটি ভাইরাল। কিন্তু এটা কি আদৌ সঠিক? অভিনেতার ভক্তদের তরফে পোস্টারটি কতটা সঠিক সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অনেকের মতেই 'বারাণসী' ছবিটির বিষয়ে এমন একটি গুরুতর তথ্য নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই কোনও সিনেমা হলে পোস্টার হিসেবে টাঙিয়ে দেবে, এটা অবাস্তব। বিশেষ করে যে ছবি নিয়ে দর্শকদের মধ্যে এত উন্মাদনা, উত্তেজনা রয়েছে। যদিও এক্স হ্যান্ডেলে যে ব্যক্তি এই ছবিটি পোস্ট করেছেন তিনি দাবি করেছেন এটি নাকি কোনও সিনেমা হলেই টাঙানো হয়েছে। ফলে এই দাবি আদৌ কতটা ঠিক সেটা জানার জন্য নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ছাড়া উপায় নেই। প্রসঙ্গত এই ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। 

'টক্সিক' ভার্সেস 'ধুরন্ধর ২' মোটেই উত্তর বনাম দক্ষিণ নয়, দাবি রাম গোপালের

একই দিনে মুক্তি পাচ্ছে যশ অভিনীত ছবি 'টক্সিক' এবং রণবীর সিংয়ের 'ধুরন্ধর ২'। আর দুই ছবি নিয়েই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কিন্তু একই দিনে মুক্তি পাচ্ছে বলে কি কিছু সমস্যা হবে, অনেকের মত তেমন হলেও, রাম গোপাল ভার্মার মত ভিন্ন। তিনি জানালেন দুই ছবির দর্শক যে কেবল আলাদা, বা দুই ছবি দেশের দুই প্রান্তে আলাদা আলাদা সাড়া পাবে সেটা নয়, দু'টো ছবির সিনেমাটিক সেনসিবিলিটি আলাদা। এটা মোটেই উত্তর বনাম দক্ষিণের ব্যাপার নয়। প্রসঙ্গত আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে 'টক্সিক' এবং 'ধুরন্ধর ২'।