কেবিসি-র মঞ্চ থেকে অমিতাভ বচ্চনের থেকে পাওয়া সেই ‘৫০ লক্ষ’ টাকার চেক আজ যেন এক মস্ত বড় উপহাস! মেধার জোরে জাতীয় স্তরে নাম করা সেই  সরকারি কর্তার ঠাঁই হল এখন গারদে।ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে চারপাশে

কৌন বনেগা ক্রোড়পতি-র মঞ্চে মেধার লড়াই লড়ে রাতারাতি জাতীয় স্তরে পরিচিতি পেয়েছিলেন মধ্যপ্রদেশের সরকারি কর্তা অমিতা সিং তোমার। কিন্তু সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার দুর্নীতির দায়ে হাতকড়া পড়ল তাঁর হাতে। ২০২১ সালের একটি বন্যাত্রাণ কেলেঙ্কারিতে নাম জড়ানোয় বৃহস্পতিবার গোয়ালিয়রের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কী এই ‘ত্রাণ কেলেঙ্কারি’?
পুলিশ সূত্রে খবর, ২০২১ সালে শিউপুর জেলার বরোদা তহসিলে বন্যাত্রাণ বন্টন নিয়ে ব্যাপক অনিয়ম হয়। অভিযোগ, প্রায় ২.৫ কোটি টাকা জালিয়াতি করে জাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। এই ঘটনায় নাম জড়িয়েছে ১১০ জনের। ইতিমধ্যেই অমিতা ছাড়াও ২২ জন সরকারি কর্মচারী এবং আরও এক সরকারি আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে।


বিজয়পুরের সরকারের উঁচু পদে কর্মরত থাকাকালীন বুধবারই তাঁকে পদ থেকে সরিয়ে দেন কালেক্টর অর্পিত বর্মা। গ্রেপ্তার এড়াতে অমিতা সিং তোমার হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও আগাম জামিনের আবেদন করেছিলেন। কিন্তু সব জায়গাতেই তাঁর আবেদন খারিজ হয়ে যায়। এরপরই পুলিশ তাঁর গতিবিধি ধাওয়া করে গোয়ালিয়রের চন্দ্রবদন নাকার বাড়ি থেকে তাঁকে পাকড়াও করে। বর্তমানে তাঁকে শিবপুরীর জেলে পাঠানো হয়েছে।


অমিতা সিং তোমার একসময় কেবিসি-তে প্রতিযোগী হিসেবে গিয়ে ৫০ লক্ষ টাকা জিতেছিলেন। শুধুই জেতেননি, জিতে হইচই ফেলে দিয়েছিলেন।সেই সময় সরকারি আধিকারিক হিসেবে তাঁর এই সাফল্য প্রশাসনের গর্ব হিসেবে দেখা হতো। কিন্তু সেই ‘গর্ব’ এখন বিতর্কের কালিতে ঢাকা।