আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

 

সত্যিই গোপনে বিয়ে করেছেন করণ-তেজস্বী! 

বিগত বেশ কিছু সময় ধরেই চর্চায় রয়েছে করণ কুন্দ্রা এবং তেজস্বী যাদবের বিয়ে। যদিও দুই তারকাই জানিয়েছেন তাঁদের বিয়ে নিয়ে যা যা রটছে সবটাই কেবলই জল্পনা। ভুয়ো। তাঁরা মোটেই বিয়ে করেননি, বা শীঘ্রই করার পরিকল্পনা নেই। কিন্তু এবার একদম অন্যরকম একটি তথ্য প্রকাশ্যে এসেছে। মায়ানগরীর অন্দরে ফিসফাস তেজস্বী এবং করণ নাকি গোপনে বিয়ে সেরে ফেলেছেন। তাঁদের এক ঘনিষ্ঠ ব্যক্তি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন সমাজমাধ্যমে তেজস্বী এবং করণের বিয়ে নিয়ে যেটা রটেছিল সেটা সঠিক। তাঁরা আদতেই গোপনে বিয়ে সেরে ফেলেছেন। তবে ঘনিষ্ঠ ব্যক্তি যাই বলুন না কেন, করণ আবারও পত্রপাঠ অস্বীকার করেছেন এই খবরকে। 

 

পিছিয়ে গেল নাগজিলার মুক্তি! স্বাধীনতা দিবসের বদলে কবে আসছে কার্তিকের ছবি? 

মৃগদীপ সিং লাম্বা পরিচালিত, কার্তিক আরিয়ান অভিনীত নাগজিলা ছবিটির চলতি বছরের স্বাধীনতা দিবসের সময় মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট দিনে মুক্তি পাচ্ছে না ছবিটি। পিছিয়ে দেওয়া হল মুক্তির দিনক্ষণ। ২০২৬ সালে আসছে না নাগজিলা। তবে কবে? জানা গিয়েছে ২০২৭ সালে মুক্তি পেতে পারে ছবিটি। এই ছবিটি ভারতীয় লোককথার উপর ভিত্তি করে বানানো একটি কাল্পনিক ছবি। ১৪ অগাস্ট ২০২৬ এর বদলে ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে নাগজিলা। অর্থাৎ এবার ভ্যালেন্টাইনস ডের আবহে আসতে চলেছে ছবিটি। ২০২৫ সালের এপ্রিল মাসে ঘোষণা করা হয় এই ছবিটির। এখানে কার্তিক আরিয়ানকে একজন ইচ্ছেধারি নাগ হিসেবে দেখা যাবে। প্রসঙ্গত, কার্তিক আরিয়ানকে দর্শকরা শেষবার তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি ছবিটিতে দেখেছেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন অনন্যা পাণ্ডে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সেই ছবিটি। মাত্র ৪৯ কোটি টাকার ব্যবসা করেছিল। 

 

সন অফ সর্দার ২ ছবিতে কোনও বয়স্ক নায়কের সঙ্গে কাজ করতে হবে ভাবেননি ম্রুনাল! 

সন অফ সর্দার ২ ছবিতে অজয় দেবগনের বিপরীতে দেখা গিয়েছিল ম্রুনাল ঠাকুরকে। সেই ছবি থেকে তাঁদের একটি ডান্স স্টেপ ভাইরালও হয়। এবার এই ছবির প্রসঙ্গে এক বিস্ফোরক দাবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী! ম্রুনাল সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি অত্যন্ত কষ্ট পেয়েছিলেন যখন ২০২৫ সালে মুক্তি পাওয়া এই ছবি থেকে তাঁর একাধিক দৃশ্য কেটে বাদ দিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, অভিনেত্রী এদিন এও জানান, তিনি নাকি জানতেনই না যে তাঁকে কোনও বয়স্ক অভিনেতার সঙ্গে কাজ করতে হবে। একজন বয়স্ক অভিনেতা তাঁর অনস্ক্রিন স্বামী হবেন। বলাই বাহুল্য, এই বয়স্ক অভিনেতা আর কেউ নন, অজয় দেবগন। এটা একদমই প্রত্যাশিত ছিল না, আর সেই কারণেই তিনি ছবিটায় সেভাবে কাজ করতে পারেননি। এই ঘটনার পর তাঁর বিশ্বাস টলে গিয়েছিল বলেও জানান তিনি।