ফের হামলা কপিল শর্মাকে কেন্দ্র করে। কানাডায় কপিলের জনপ্রিয় রেস্তোরাঁ ‘ক্যাপস ক্যাফে’-র ঠিক পাশেই অবস্থিত অন্য একটি ক্যাফে ‘চা সুট্টা বার’-এ লক্ষ্য করে শনিবার গভীর রাতে গুলি চলেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং বিদেশের মাটিতে ভারতীয় তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জানা যাচ্ছে, ১২০ নম্বর স্ট্রিটের এই ক্যাফেটি কপিল শর্মার রেস্তোরাঁর একেবারে গা ঘেঁষেই অবস্থিত।
এই গুলি চলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় নেটিজেনদের মধ্যেও উত্তেজনা তৈরি হয়েছে। কপিল শর্মার রেস্তোরাঁর এত কাছে এই হামলা এবং তার পরপরই আসা হুমকির কারণে বিষয়টি সবার নজরে এসেছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছেন কি না বা কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
ঘটনাটা ঘটার কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় একটি হুমকি ভরা বার্তা ছড়িয়ে পড়ে যেখানে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। ওই বার্তায় ‘চা সুট্টা বার’ অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে এবং কপিল শর্মার ক্যাফে ও মুম্বইয়ের বাসভবনেও হামলার হুমকি দেওয়া হয়েছে।
সেখানে সতর্ক করে বলা হয়েছে যে দাবি না মানলে 'আরও গুরুতর পদক্ষেপ' করা হতে পারে। তবে এই বার্তার সত্যতা এখনও পুলিশ নিশ্চিত করেনি। কানাডার পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও সন্দেহভাজন বা মূল কারণ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
প্রসঙ্গত, গত বছর কপিল শর্মার ক্যাফের উপর একাধিকবার হামলা চলেছে। এমনকী সেই বছর একের পর এক হুমকির মুখেও পড়েছিলেন কপিল। শুধু তাই-ই নয়, প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন তিনি। তবে নতুন বছর পড়তেই মনে জোর এনেছিলেন কপিল। ক্যাপস ক্যাফের আরও একটি শাখা খুলেছিলেন তিনি। মধ্যপ্রাচ্যের বুকেও পা রেখেছিলেন তিনি। নতুন বছরের শুরুতেই দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল তাঁর নিজস্ব ক্যাফে— 'ক্যাপস ক্যাফে'।















