নিজস্ব সংবাদদাতা: বেশ কয়েক বছর পর আবারও ছোটপর্দায় ফিরছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। ২০২১ সালে কালার্স বাংলার 'বসন্ত বিলাস মেস বাড়ি' ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। মাঝে আবার ছোটপর্দা থেকে বিরতি নেন অভিনেতা। আবারও কালার্স বাংলার মাধ্যমে ছোটপর্দায় ফিরতে চলেছেন তিনি।

কালার্স বাংলায় শুরু হচ্ছে টেলি সিরিজ, ১০০ দিনের এপিসোড থাকবে একেকটি সিরিজে। ইতিমধ্যেই প্রথম সিরিজের শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। এই ধারাবাহিকের মাধ্যমেই ছোটপর্দায় ফিরছেন অভিনেতা অর্পণ ঘোষাল। প্রসঙ্গত, কালার্স বাংলার 'বসন্ত বিলাস মেস বাড়ি' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অর্পণই। আবার কালার্স বাংলার এই নতুন ধারাবাহিকে একসঙ্গে দেখা যাবে অর্পণ ঘোষাল এবং কাঞ্চন মল্লিককে।

অভিমুন্য মুখোপাধ্যায় পরিচালিত এই টেলি সিরিজের শুটিং চলছে দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে। সূত্রের খবর, কাঞ্চনকে এই ধারাবাহিকে দেখা যাবে খুব সাধারন একটি চরিত্রে। সম্ভবত ধারাবাহিকে বাড়ানো হচ্ছে তাঁর বয়সও। তবে ঠিক কোন চরিত্রে দেখা যাবে তাঁকে, তা এখনও জানা যায়নি। ১০০ দিনের এই টেলি সিরিজে দেখা যেতে চলেছে একাধিক অভিনেতা অভিনেত্রীকে। মালদ্বীপ থেকে ঘুরে এসেই নতুন কাজ শুরু করে দিয়েছেন কাঞ্চন মল্লিক।

বড়পর্দা থেকে ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন অভিনেতা। একসময় শুধু কৌতুক চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। কিন্তু ধীরে ধীরে নিজেকে ভেঙে অন্যান্য চরিত্রে অভিনয় করেও সমান জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ছোটপর্দার নতুন এই চরিত্রটি ঠিক কতটা পছন্দ করেন দর্শক, এখন সেটাই দেখার।