বিয়ের কথা পাকা হয়েও ভেস্তে যাচ্ছে জনপ্রিয় টলিউড নায়িকার বিয়ে! ননদের চক্রান্তের শিকার হয়ে কোন বিপদের ঝড় নেমে এল বিয়ের মরশুমে? ভাবছেন কোন অভিনেত্রী? 'কমলা নিবাস' ধারাবাহিকের পল্লবীর। হ্যাঁ, কথা হচ্ছে সদ্য শুরু হওয়া বাংলা ধারাবাহিকের।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কমলা নিবাস' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সাগর বসু মল্লিকের বোন পল্লবীর মাকে ফোন করে হুমকি দিচ্ছে। সে সাফ জানিয়ে দেয় সে যেমন আয়োজন করতে বলেছে, যা যা বলেছে সেভাবেই বিয়ের আয়োজন করতে হবে। রয়েছে বড় ব্যাঙ্কয়েট হল বুক করা, ইত্যাদির মতো দাবি। সে এও জানায় তাদের এই দাবি না মানলে শেষ মুহূর্তে তারা বিয়ে ভেঙে দিতে পারে।
অন্যদিকে দেখা যাচ্ছে শ্রীনিবাস ১০ লাখ টাকা এক ব্যক্তিকে ধার দিয়েছেন যিনি গুরুতর অসুস্থ। ফলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। এমন অবস্থায় টাকার অভাবে কি তবে কমলা আর শ্রীনিবাস তাদের মেজ মেয়ের বিয়ে দিতে পারবে না? ভেঙে যাবে পল্লবী সাগরের বিয়ে? শেষ পর্যন্ত কী হয় গল্পে সেটাই দেখার।
https://www.instagram.com/reels/DXYgjU7geyb/
প্রসঙ্গত, গল্পে সদ্যই দেখানে হয়েছে, পল্লবী যে অফিসে চাকরি করে, সেই অফিসের বস মানে সাগরের মা তাদের বাড়ি এসে সাগর আর পল্লবীর বিয়ের প্রস্তাব দেয়। যদিও এটা সাগরের দ্বিতীয় বিয়ে, এক সন্তানও আছে। তবুও নায়িকা তাতে সম্মতি দেয়। এরপর সৌরভ বসু মল্লিক এবং তার পরিবার পল্লবীদের বাড়ি আসে তাকে দেখতে। সেখানে এসে সৌরভ পল্লবীকে খুঁজছে যখন সেটা চোখে এড়ায় না তার মেয়ের। সকলের সামনেই মিঠি সেই কথা বলে ফেলায় লজ্জায় পড়ে যায় সৌরভ। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটিয়ে সকলের সামনে আসে পল্লবী। চলে বিয়ের কথা। অন্যদিকে দেখা যায়, বিয়ের কথা এগোতেই পল্লবীকে ভয় দেখাতে থাকে সৌরভের বোন। তাকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলে কেন সে এই বিয়েতে রাজি হল? কেন একজন দোজবরকে বিয়ে করছে, কেনই বা তার মেয়ের দায়িত্ব নিতে চাইছে? ননদের এই কথা শুনে ভয় পায় পল্লবী। এমনকী সেখান থেকে আসার আগে সাগরের বোন পল্লবীর মাকেও ভয় দেখায়।
'কমলা নিবাস' ধারাবাহিকটি সদ্যই শুরু হয়েছে। জি বাংলায় সম্প্রচারিত হয় এটি রোজ। প্রতিদিন বিকেল সাড়ে ছয়টা থেকে দেখা যায়। মুখ্য ভূমিকায় রয়েছেন দেবশঙ্কর হালদার, সোহিনী সেনগুপ্ত। এছাড়া পরমব্রত চট্টোপাধ্যায়, দেবাদৃতা বসু, সংহতি বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধিশ চৌধুরী, ধ্রুবজ্যোতি সরকার, প্রমুখ। 'কমলা নিবাস'-এ একটি সংস্থার উচ্চ আধিকারিকের চরিত্রে দেখা যাচ্ছে পরমব্রতকে।
'কমলা নিবাস' ধারাবাহিকের গল্প আবর্তিত হবে ‘শ্রীনিবাস গুহ’ এবং তাঁর স্ত্রী ‘কমলা’কে ঘিরে। শ্রীনিবাস নিছকই এক মধ্যবিত্ত মানুষ। সংসারের দায়দায়িত্ব পালন করতে করতে কখন যে তাঁর বয়স বেড়ে গিয়েছে বুঝতে পারেননি। বুঝতে পারেননি বাজারদরও কবে বেড়ে গিয়েছে। কিন্তু জীবনের এই প্রায় শেষ লগ্নে এসে দাঁড়িয়েও তাঁর একটাই স্বপ্ন, তাঁর স্ত্রী কমলার জন্য একটা বাড়ি বানিয়ে দেওয়া। নিজেদের একটা বাড়ি গড়ে তোলা। সঙ্গে রয়েছে মেয়েদের বিয়ে দেওয়ার দায়িত্বও।















