সদ্যই শুরু হয়েছে কমলা নিবাস। এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ সময় পর ছোটপর্দায় ফিরলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে রয়েছেন দেবাদৃতা বসু। শুরু হতে না হতেই গল্পে আসছে বড় চমক। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে কমলা নিবাস ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় অর্থাৎ ধারাবাহিকের সাগর বসু মল্লিক তার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে। সঙ্গে আছেন দেবাদৃতা অর্থাৎ ধারাবাহিকের পল্লবী। ডাক্তার যখন পল্লবীর নাম জানতে চান, তখন তিনি ধরে নেন পল্লবী আদতে সাগরের স্ত্রী। এই ভুল বোঝাবুঝির জন্য নায়ক দেবাদৃতার থেকে ক্ষমাও চান। তবে অন্যদিকে সাগরের মা পল্লবীর বাড়িতে গিয়ে হাজির। তিনি সেখানে গিয়ে পল্লবীর হাত চাইলেন তাঁর  ছেলের জন্য। পল্লবীর মা কি রাজি হবে এই প্রস্তাবে? বলাই বাহুল্য, সাগরের চরিত্রের দ্বিতীয় বিয়ে হবে এটি। সেখানে এমন পাত্রকে তিনি মেনে নেন কিনা সেটাই দেখার। 

অন্যদিকে দেখা যাচ্ছে শ্রীনিবাস অর্থাৎ পল্লবীর বাবাকে তার এক সহকর্মী জানাচ্ছেন যে তিনি তাঁর টাকা ফেরত দেবেন। এই টাকা দিয়ে শ্রীনিবাস এবার তাঁর সাধের কমলা নিবাসের কাজ শুরু করতে পারবে। সবটা মিলিয়ে ধারাবাহিকের গল্প কোন দিকে এগোয় সেটাই দেখার। 

প্রসঙ্গত, কমলা নিবাস ধারাবাহিকটি সদ্যই শুরু হয়েছে। জি বাংলায় সম্প্রচারিত হয় এটি রোজ। প্রতিদিন বিকেল সাড়ে ছয়টা থেকে দেখা যায়। মুখ্য ভূমিকায় রয়েছেন দেবশঙ্কর হালদার, সোহিনী সেনগুপ্ত। এছাড়া পরমব্রত চট্টোপাধ্যায়, দেবাদৃতা বসু, সংহতি বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধিশ চৌধুরী, ধ্রুবজ্যোতি সরকার, প্রমুখ। 'কমলা নিবাস'-এ একটি সংস্থার উচ্চ আধিকারিকের চরিত্রে দেখা যাবে পরমব্রতকে।

প্রসঙ্গত, ধারাবাহিকের গল্প আবর্তিত হবে ‘শ্রীনিবাস গুহ’ এবং তাঁর স্ত্রী ‘কমলা’কে ঘিরে। শ্রীনিবাস নিছকই এক মধ্যবিত্ত মানুষ। সংসারের দায়দায়িত্ব পালন করতে করতে কখন যে তাঁর বয়স বেড়ে গিয়েছে বুঝতে পারেননি। বুঝতে পারেননি বাজারদরও কবে বেড়ে গিয়েছে। কিন্তু জীবনের এই প্রায় শেষ লগ্নে এসে দাঁড়িয়েও তাঁর একটাই স্বপ্ন, তাঁর স্ত্রী কমলার জন্য একটা বাড়ি বানিয়ে দেওয়া। নিজেদের একটা বাড়ি গড়ে তোলা। এই চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে। অন্যদিকে ছাপোষা, সাধারণ মধ্যবিত্ত গৃহবধূ হলেন কমলা। সে পরিবারের মঙ্গল কামনা করতে মন্দিরে এসেছে পুজো দিতে। একই সঙ্গে পুরোহিতকে ৩ মেয়েদের কুষ্ঠী দিয়ে যান, ভাল পাত্র খুঁজে দেওয়ার জন্য। তাঁর একটাই স্বপ্ন, তিন মেয়েকে ভাল ঘর, বরে বিয়ে দেওয়া। মেয়েরা যেন সুখে সংসার করে। কমলার চরিত্রে দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে। দু'জনের স্বপ্ন দুই রকমের। কিন্তু তাও তাদের একে অপরের প্রতি ভালবাসা, টান, অমোঘ। এমন অবস্থায় দু’জনের মধ্যে কার স্বপ্ন আগে পূরণ হয় সেটাই দেখার।