'কমলা নিবাস' ধারাবাহিকটি শুরু হতে না হতেই দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে পরমব্রত চট্টোপাধ্যায় এবং দেবাদৃতা বসুর জুটি। কিন্তু গল্পে দেখানো হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত চরিত্র সাগরের মৃত্যু ঘটেছে পথ দুর্ঘটনায়। বিয়ে করতে আসার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়িটি। স্বাভাবিক ভাবেই বিয়ে ভেঙে যায় পল্লবীর। হবু স্বামীর মৃত্যুর খবর তার কাছে শকের মতো। এসব নিয়েই গল্প যখন জমজমাট, তখন ধারাবাহিকে আসছে নতুন টুইস্ট।
আজকাল ডট ইনের তরফে আগেই জানানো হয়েছিল, পরমব্রত চট্টোপাধ্যায় নন, বরং এই ধারাবাহিকে দেবাদৃতা বসুর নায়ক ঋদ্ধিশ চৌধুরী। পরমব্রত চট্টোপাধ্যায় এই ধারাবাহিকে অতিথি শিল্পী হিসেবে ছিলেন। সদ্যই শেষ হয়েছে তাঁর অংশ। তারপরই প্রকাশ্যে এল ধারাবাহিকের নতুন প্রোমো।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কমলা নিবাস' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানেই দেখা যাচ্ছে ঋদ্ধিশ চৌধুরী অভিনীত চরিত্র আদিত্য গুণ্ডা। সে পথের ধারে কিছু ব্যক্তিকে পিটাচ্ছে। আর তার সঙ্গীরা যখন জানতে চাইছে তার প্রেমিকা কেমন হবে সে সেটার বিশ্লেষণ দিতে থাকে। আর সেই সময়ই সেই জায়গায় এসে হাজির হয় পল্লবী। আদিত্যকে এভাবে মানুষকে মারতে দেখা নায়িকা। কিন্তু তাকে সামনে দেখে সব ভুলে নায়কোচিত স্টাইলে দুই হাত ছড়িয়ে দেয় আদিত্য। অতীতের ক্ষত, সাগরের মৃত্যুর শোক ভুলে তবে কি পল্লবী এবার সামনে এগোবে? তার জীবন জড়িয়ে যাবে আদিত্যর সঙ্গে? নাকি নিজেকে গুটিয়েই রাখবে নায়িকা? কোন খাতে তাদের দু'জনের জীবন বয় সেটাই এখন দেখার!















