সাগরের সঙ্গে সম্পর্কে বাঁধা পড়তেই মিঠির সঙ্গেও মিষ্টি সম্পর্কে জড়িয়ে পড়ে পল্লবী। মাতৃস্নেহে আগলে রাখে তাকে। এমনকী সাগরের মৃত্যুর পরও ছোট্ট মিঠিকে নিজের মেয়ের মতো আগলে রাখে। কিন্তু তাদের এই সম্পর্ক যেন কিছুতেই মেনে নিতে পারছে না সাগরের কিছু আত্মীয়। পল্লবীকে ক্রমাগত অপমান করতেই এবার কী জবাব দিল কমলা?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কমলা নিবাস' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সাগরের আত্মীয় এসে পল্লবীকে কথা শোনাচ্ছে। জিজ্ঞেস করে মিঠিকে সঠিক ভাবে মানুষ করতে, বড় করে তুলতে যা যা প্রয়োজনীয় সেটা দিতে পারবে কিনা? একই সঙ্গে পল্লবীদের লোভী, মধ্যবিত্ত বলেও বিদ্রুপ করে। এই অপমান সইতে পারে না কমলা। তুখোড় ইংরেজিতে তাকে পাল্টা জবাব দেয় সে।
কমলা জানায় তারা গরিব হতে পারে। কিন্তু শিক্ষা, নীতিবোধ, ইত্যাদির দিক থেকে তারা বড়লোক। মিঠিকে সঠিক শিক্ষা দিয়ে বড় করে তোলার জন্য যা যা প্রয়োজন সেসব তারা দিতে পারবে, সেসবে তারা বিত্তশালী। কমলার এই জবাবে সাগরের আত্মীয়রা তো চমকে যায়ই, চমকে যায় তার পরিবারের লোকজনও। আগামীতে কী ঘটে সেটাই এখন দেখার। মিঠি কি পল্লবীর কাছেই মানুষ হবে নাকি বাড়িতে ফিরে যাবে সেটাই দেখার।
প্রসঙ্গত, 'কমলা নিবাস' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন সোহিনী সেনগুপ্ত এবং দেবশঙ্কর হালদার। তাঁদের মেয়ের ভূমিকায় দেখা যাচ্ছে দেবাদৃতা বসুকে। এই ধারাবাহিকটি জি বাংলার পর্দায় নিয়মিত দেখা যায়। এটি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় সম্প্রচারিত হয়। তবে এই টানটান পর্বটি আগামী ৫-৬ জুন সম্প্রচারিত হবে।















