বিরাট চমক আসতে চলেছে জি বাংলার ধারাবাহিক 'কমলা নিবাস'-এ। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল পল্লবীর জীবনের এক ভয়ঙ্কর মুহূর্ত। বিয়ের দিন হবু বরকে চিরতরে হারিয়েছিল কমলার মেজমেয়ে। সেই শোকের ছায়া কাটতে না কাটতেই ছোটমেয়ে ঝিনুকের জীবনে এসেছে নতুন মোড়। বাড়ি বয়ে পাত্র নিজের সম্বন্ধ নিয়ে এসেছে! এমনটাই দেখা যাচ্ছে ধারাবাহিকের নতুন প্রোমোতে।

সদ্য প্রকাশ্যে আসা নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, কমলা ও‌ শ্রীনিবাসের বাড়িতে আসে খাসনবিশ গ্রুপ অফ কোম্পানির মালিক সম্রাট খাসনবিশ। সে এসে সরাসরি ঝিনুককে বিয়ের প্রস্তাব দেয়। জানায়, তার কাছে সব আছে, শুধু পরিবার নেই। ঝিনুককে সে বিয়ে করতে চাইলে শ্রীনিবাস বাধা দেয়। সে জানায়, দুটো মানুষের মনের মিল দরকার বিয়ের আগে। সম্রাট কি শ্রীনিবাসের কথা মেনে নেবে? ঝিনুক আর সম্রাটের সম্পর্কে কোন মোড় আসতে চলেছে? উত্তরের অপেক্ষায় দর্শক মহল। 

অন্যদিকে, গল্পে আগেই দেখানো হয়েছিল ঝিনুক চায় তার বর যেন দেখতে রাজপুত্রের মতো হয়। ভালবাসায় ভরিয়ে যেন তাকে রূপকথার সাম্রাজ্যে নিয়ে যায়। আর ঝিনুকের চাওয়ার সঙ্গে মিল রয়েছে সম্রাটের। রাস্তায় তাদের দেখাও হয়। কিন্তু ঝিনুক ভাবতে পারেনি সম্রাট সরাসরি তাদের বাড়িতে এসে তাকে বিয়ের প্রস্তাব দেবে। 

পল্লবীর জীবনে এত বড় ক্ষতির পরে কি ঝিনুকের বিয়ে নিয়ে তাড়াহুড়ো করবে কমলা-শ্রীনিবাস? নাকি সময়ের উপর ছেড়ে দেবে ছোটমেয়ের ভবিষ্যৎ? প্রোমো দেখে এরকম সব প্রশ্ন উঠে আসছে সমাজমাধ্যমে। আসলে খুব বেশিদিন এই ধারাবাহিক শুরু না হলেও ইতিমধ্যেই দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। শুধু জনপ্রিয়তাই নয়, টিআরপি তালিকাতেও জায়গা করে নিয়েছে এই মেগা।