টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

ফের বিতর্কে 'কালা হিরণ'

সম্প্রতি 'কালা হিরণ' ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে। অভিযোগ উঠেছে, এই ছবিটি ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে ভিত্তি করে তৈরি, যা সরাসরি সলমন খানের ভাবমূর্তিকে প্রভাবিত করছে। সলমন খানের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে ছবিটির মুক্তি আটকাতে একটি আবেদন জানানো হয়েছিল। তবে আপাতত সেই আবেদনের শুনানি পিছিয়ে দিয়েছে আদালত। এই পরিস্থিতিতে 'কালা হিরণ'-এর পরিচালক সাফ জানিয়েছেন, "সলমন খান কোনও ঈশ্বর নন, তাঁকে আমার ছবি আটকানোর ক্ষমতা কে দিয়েছে?" পরিচালকের দাবি, ছবিতে ব্যবহৃত কোনও অনুষঙ্গই সলমনের পেটেন্ট করা নয়।

রেবতীর 'প্রি-ওয়েডিং'-এ শাহরুখ 

বলিউডের 'কিং খান' মানেই যেকোনও অনুষ্ঠানে এক আলাদা উন্মাদনা। সম্প্রতি এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের মেয়ে রেবতী সুলের প্রাক-বিবাহ অনুষ্ঠানে এমনই এক জাদুকরী মুহূর্তের সাক্ষী থাকল মুম্বই। ব্যবসায়ী অরুণ লাখানির ছেলে সারেং লাখানির সঙ্গে বিয়ে হচ্ছে রেবতীর। ওই অনুষ্ঠানের একাধিক ভিডিও সমাজমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে,  ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির কালজয়ী গান ‘কোই মিল গয়া’-র তালে নেচে ওঠেন শাহরুখ। তাঁর সেই চিরচেনা সিগনেচার স্টেপ আর এনার্জি দেখে উপস্থিত অতিথিরা মুগ্ধ। শুধু নাচ নয়, মঞ্চে বর-কনের সঙ্গে শাহরুখের রসায়নও নজর কেড়েছে। রেবতীকে উষ্ণ আলিঙ্গন করে তিনি যেমন আশীর্বাদ করেছেন, তেমনি সারেং-এর গালে স্নেহের চুম্বন এঁকে দিতেও দেখা যায় তাঁকে। জানা গিমেছে, নিজের আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়ের ব্যস্ততার মাঝেও সময় বের করে শাহরুখ এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

আলিয়াকে 'রোস্ট' সময়ের

'ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট' সিজন ২-এর মঞ্চে কমেডিয়ান সময় রায়না তাঁর চিরচেনা আলিয়া ভাটকে নিয়ে যে মশকরা করলেন, তা এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। নিজের নতুন ছবি 'আলফা'-র প্রচারে সহ-অভিনেত্রী শর্বরীকে নিয়ে আলিয়া উপস্থিত হয়েছিলেন এই শো-তে। কিন্তু অনুষ্ঠান শুরু হতেই সময় রায়নার তীক্ষ্ণ বাণের সামনে পড়তে হয় আলিয়াকে। শো-এর শুরুতেই সময় আলিয়াকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেন, "ল্যাটেন্টের ইতিহাসে এটিই সবচেয়ে বড় সেলিব্রিটি গেস্ট, তবে আলিয়ার কেরিয়ারের জন্য এটি হয়তো লোয়েস্ট পয়েন্ট।" সময় এখানেই থামেননি। তিনি আলিয়ার কান চলচ্চিত্র উৎসবের উপস্থিতি থেকে শুরু করে 'জিগরা' সিনেমা—সবকিছু নিয়েই একের পর এক কৌতুক করেন। সময় বলেন, "কোথায় কান আর কোথায় ল্যাটেন্ট! তবে অন্তত এখানে ক্যামেরাগুলো আপনার দিকেই ফোকাস করে আছে।" আলিয়াকে নিয়ে সময়ের এই কৌতুক এখন নেটিজেনদের চর্চায়।