'জোয়ার ভাঁটা' ধারাবাহিকে একের পর এক চমক আসছে। তবে এবার যা ঘটতে চলেছে তাতে গল্পের ট্র্যাক যে একেবারে বদলে গিয়ে আরও আকর্ষক হতে চলেছে সেটা নিঃসন্দেহে বলা যায়। ঋষির হাতে এবার খুন হবে নিশা! কেন? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নিশার বাগদানের দিন সে অনুষ্ঠানের জায়গায় নেই। ঋষি তাকে আনতে গিয়েছে। কিন্তু দু'জনের ফিরতে দেরি হচ্ছে দেখে চিন্তা করতে থাকে উজি। ওদিকে নিশাকে একটি ছাদে নিয়ে গিয়ে তার দিকে বন্দুক তাক করে ঋষি। জানায় সে আর নিশাকে উজির কোনও ক্ষতি করতে দেবে না। বোনের বরের এই রুদ্ররূপ দেখে ভয় পায় নিশা। সে বারবার জানাতে থাকে, সে উজির কোনও ক্ষতি করবে না। কেন করবে বোনের ক্ষতি? বরং তার থেকে উজির ভাল আর কেউ চাইতেই পারে না, তার থেকে উজিকে আর কেউ ভালবাসতে পারে না। ঋষি জানায়, সে তার স্ত্রীকে নিশার থেকে বেশি ভালবাসে। আর উজির জীবনের সব থেকে বড় কালো ছায়া নিশাই। বলেই গুলি চালিয়ে দেয়। এদিকে বাড়িতে উজি এবং নিশার ছবি ভেঙে যায়। এবার কী ঘটে সেটাই দেখার। নিশা কি সত্যিই মারা যাবে? দিদির হত্যার দায়ে স্বামীকে কি গ্রেফতার করবে উজি? তাদের দাদার মতো, নিশার মৃত্যুর দায়ও কি ঋষির মাথায় লাগবে? এই প্রোমো দেখে প্রশ্ন উঠছে হাজার। জবাব পাওয়া যাবে ধারাবাহিকেই। 

তবে এদিন এই বিস্ফোরক প্রোমো প্রকাশ্যে আসতেই মুগ্ধ দর্শকরা। এক ব্যক্তি লেখেন, 'এটা মনে হয় ঋষি না। ঋষির ছদ্মবেশে কেউ এসেছে, ভানু অথবা সায়ন্তন মিলিয়ে নেবেন কথাটা।' আরও এক ব্যক্তি লেখেন, 'আমি জানতাম বিয়েটা হবে না, এখন হয়তো নিশা স্মৃতি হারাবে, উজি জোয়ার ভাঁটা গান গেয়ে স্মৃতি ফেরানোর চেষ্টা করবে।' শেষ পর্যন্ত গল্পে কী ঘটে সেটাই দেখার। 

প্রসঙ্গত 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় রোজ দেখা যায়। এটি রাত পৌনে ৯ টা থেকে সম্প্রচারিত হয়। তবে এই ধুন্ধুমার চমক দিয়ে মোড় ঘোরানো জায়গাটি আগামী ৭ থেকে ৯ মে দেখানো হবে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন শ্রুতি দাস, আরাত্রিকা মাইতি।