ডিজিটাল প্ল্যাটফর্মের অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী সাংবাদিক সৌরভ দ্বিবেদী এবার পা রাখলেন রুপোলি পর্দায়। গত ১৫ মে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স -এ মুক্তি পেয়েছে সইফ আলি খান অভিনীত ক্রাইম ড্রামা ‘কর্তব্য’। এই ছবির হাত ধরেই অভিনয়ে ডেবিউ করলেন এই নামী সাংবাদিক। সইফ আলি খানের এই ছবি নিয়ে ‘এক্স’ হ্যান্ডেলে ইতিবাচক প্রতিক্রিয়া মিললেও, সৌরভ দ্বিবেদীর অভিনয় নিয়ে একেবারেই খুশি নন দর্শকরা। ছবি মুক্তির পর থেকেই নেটিজেনদের তীব্র সমালোচনা ও ট্রোলিংয়ের মুখে পড়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের মতে, সৌরভের অভিনয় অত্যন্ত ‘নিস্প্রাণ’ এবং সিনেমার সংলাপ বলার সময়েও মনে হচ্ছিল তিনি ক্যামেরার সামনে খবরের কাগজের চিত্রনাট্য পড়ছেন!
ছবিতে সৌরভ দ্বিবেদীর পারফরম্যান্স দেখার পর এক্স হ্যান্ডেলে একের পর এক ট্রোল ও মিমের বন্যা বয়ে গিয়েছে। এক ‘এক্স’ ব্যবহারকারী ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, “সৌরভ দ্বিবেদী একজন খারাপ সাংবাদিক ছিলেন। এখন অভিনেতা হয়েছেন। ছবিতে তিনি এতটাই খারাপ অভিনয় করেছেন যে মানুষ এখন বলছেন— ওঁর সাংবাদিকতাই ভাল ছিল! অভিনয় এতই বাজে হয়েছে যে সিনেমার ক্লাইম্যাক্স সিন থেকে ওঁর দৃশ্যই কেটে দেওয়া হয়েছে। ওঁর চেয়ে তো কমল আর খান (কেআরকে)-ও ভালো অভিনয় করত!”
অন্য এক নেটিজেন দক্ষিণ ভারতীয় সিনেমার বিখ্যাত কমেডিয়ানের সাথে তুলনা টেনে লিখেছেন -“সাংবাদিকতা ছেড়ে বলিউডে চলে এলেন সৌরভ দ্বিবেদী। ভেবেছিলেন বলিউডে এসে মস্ত বড় সুপারস্টার হয়ে যাবেন। কিন্তু ছবি রিলিজের পর ওঁকে দেখতে পুরো দক্ষিণী অভিনেতা ব্রহ্মানন্দম-এর কপির মতো লাগছে! ওঁর ডায়লগ ডেলিভারি খুবই সাধারণ মানের। সাংবাদিকতা ছেড়ে বলিউডে আসার সিদ্ধান্ত কি ওঁর জীবনের সবথেকে বড় ভুল বা ব্লান্ডার প্রমাণিত হতে চলেছে?”
আর এক দর্শক সিনেমার একটি দৃশ্য মনে করিয়ে দিয়ে লিখেছেন, “সবেমাত্র সিনেমাটা দেখলাম। পুরো ছবিতে উনিই একমাত্র হতাশাজনক অংশ। রেস্তোরাঁয় একটি পরিবার তাঁদের বাচ্চাকে খাওয়াচ্ছে— এই দৃশ্যটি দেখার সময় ওঁর পাশে থাকা সেই ছোট্ট বাচ্চা ‘হরপাল’ একাই ওঁর চেয়ে অনেক ভাল এক্সপ্রেশন দিয়েছে এবং ওঁকে টেক্কা দিয়েছে।”
পুলকিত-এর পরিচালনায় এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি এই ছবিতে সইফ আলি খানকে ‘পবন’ নামের একজন সৎ পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে, যাঁর পোস্টিং হয়েছে ঝামলি গ্রামে। একটি আধ্যাত্মিক আশ্রমের সঙ্গে যুক্ত শিশু নির্যাতনের চক্র নিয়ে তদন্ত করতে গিয়ে খুন হন এক সাংবাদিক। সেই রহস্য উদঘাটন নিয়েই সিনেমার গল্প।
এই ছবিতে ‘আনন্দ শ্রী’ নামক এক সন্দেহভাজন চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দ্বিবেদী। মামলার সঙ্গে জড়িত এক কিশোরী আচমকা নিখোঁজ হয়ে যাওয়ার পর সৌরভের চরিত্রের ওপর সন্দেহের তির যায়। বর্তমানে ১৪৭ মিনিটের এই ক্রাইম থ্রিলারটি নেটফ্লিক্সে স্ট্রিম করছে।
সাংবাদিকতার চেনা পিচ ছেড়ে সৌরভ দ্বিবেদীর এই বলিউড সফর প্রথমবারেই বেশ বড়সড় ধাক্কা খেল। এখন দেখার, এই ট্রোলিংয়ের পর তিনি নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার লড়াই চালিয়ে যান নাকি আবার নিজের চিরপরিচিত নিউজরুমেই ফিরে আসেন।















