দিল্লির ছাত্র আন্দোলন দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ককরোচ জনতা পার্টি ওরফে সিজেপির এই আন্দোলনের সমর্থনে দেখা গিয়েছে বহু তারকাকে। এবার এই নিয়ে মুখ খুললেন টলিউডের অভিনেতা জিতু কামাল। 

জিতু সমাজমাধ্যমে লেখেন, 'NEET শুধু একটি পরীক্ষা নয়; এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাদের পরিবারের স্বপ্ন, পরিশ্রম ও বিশ্বাসের প্রতীক। তাই প্রতিটি যোগ্য শিক্ষার্থীর জন্য একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। কোনো অনিয়ম হলে তার নিরপেক্ষ তদন্ত, দোষীদের জবাবদিহি এবং কার্যকর সংস্কার নিশ্চিত করতে হবে,যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমাদের শিক্ষার্থীরা ন্যায়বিচার, সঠিক উত্তর এবং তাঁদের পরিশ্রমের ন্যায্য মূল্যায়ন পাওয়ার অধিকার রাখে। আজ প্রয়োজন রাজনৈতিক দোষারোপ নয়, দায়িত্বশীলতা, জবাবদিহি এবং স্থায়ী সংস্কার।' (এই পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

জিতুকে বরাবরই বিভিন্ন বিষয়ে প্রতিবাদী চরিত্রে দেখা গিয়েছে। নিজের মনের কথাকে মনে না রেখে মুখে বলে দেন অভিনেতা। বরাবরই অভিনব প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে তাঁকে। এবার ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও‌ তার অন্যথা হল না। নিজের মতো করে সিজেপির পাশে দাঁড়ালেন জিতু কামাল। 

টলিউড থেকে 'সুপারস্টার' জিৎ-ও নিট আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'নিট ইস্যুটি আর কেবল একটা পরীক্ষার মধ্যে আটকে নেই—এটা এখন কোটি কোটি ছাত্রছাত্রী আর তাঁদের পরিবারের স্বপ্ন, আশা আর আস্থার বিষয়। প্রতিটি যোগ্য শিক্ষার্থীর অধিকার আছে একটা স্বচ্ছ, নিরপেক্ষ আর বিশ্বাসযোগ্য ব্যবস্থার। যাদের গাফিলতিতে আজ এই পরিস্থিতি, তাদের জবাবদিহি করতেই হবে। এমন সংস্কার আনতে হবে যাতে ভবিষ্যতে আর কখনও কোনও ছাত্রের স্বপ্ন এভাবে নষ্ট না হয়। আমাদের ছেলেমেয়েরা ন্যায়বিচার চায়, নিজেদের প্রশ্নের উত্তর চায়। সবচেয়ে বড় কথা, তারা এই আশ্বাসটুকু চায় যে তাদের পরিশ্রমের সঠিক মূল্য দেওয়া হবে। এটাকে রাজনীতি বা কাদা ছোড়াছুড়ির বিষয় না বানিয়ে, আসুন সবাই মিলে দায়িত্ব নিই এবং একটা স্থায়ী সমাধানের দিকে হাঁটি।'