আশা ভোঁসলের শেষযাত্রার বিষাদঘন আবহে মেজাজ হারালেন জ্যাকি শ্রফ। শোকাতুর পরিবারের সামনে পাপারাৎজিদের ‘অসংবেদনশীল’ প্রশ্নে রীতিমতো রেগে গিয়ে তাঁদের উচিত শিক্ষা দিলেন অভিনেতা।
মুম্বইয়ের শিবাজি পার্কে সোমবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের শেষকৃত্য। বর্ষীয়ান শিল্পীর গোটা দেশ যখন শোকস্তব্ধ, তখনই আশার বাসভবনের বাইরে এক অনভিপ্রেত ঘটনার সাক্ষী থাকল উপস্থিত সকলে। শোকপ্রকাশ করতে আসা বলি অভিনেতা জ্যাকি শ্রফ পাপারাৎজিদের একটি প্রশ্নে রীতিমতো মেজাজ হারালেন এবং তাঁদের সংবেদনশীলতার উচিত শিক্ষা দিলেন।
সোমবার সকালে প্রিয় ‘আশা তাই’-কে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন জ্যাকি শ্রফ। সেখান থেকে বেরনোর সময় পাপারাৎজিরা তাঁকে ঘিরে ধরে গায়িকার মৃত্যু নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চান। একজন তো আলপটকা প্রশ্ন করে বসেন, “কেমন লাগছে জ্যাকি স্যার?”
আর সেই প্রশ্ন শুনেই ক্ষোভে ফেটে পড়েন অভিনেতা। মারাঠিতে তিনি বলে উঠলেন, “কারও মা মারা গেলে কেমন লাগে? আমাদের মা চলে গিয়েছেন। কেমন লাগবে-এটার মানে কী? তোর এই কথাটা বলার মানেটা কী বল? কারও মা চলে গেলে কেমন লাগে সেটা জানিস না?” প্রশ্নকর্তা ঘাবড়ে গিয়ে কোনওরকমে মিনমিন করে বলে ওঠেন, “খারাপ লাগে”। তা শুনে এরপর কড়া গলায় জ্যাকি আরও যোগ করেন, “ব্যস, আর কথা বাড়াবি না। এটা কথা বলার সময় নয়, বাড়ি যা ভাই।”
















