বন্ধ হয়েছে 'চিরসখা'। রাহুল অরুনোদয় ব্যানার্জির মৃত্যুর তদন্ত তদন্তের পথে এগোবে তার জন্য বিশেষ এক প্রযোজনা সংস্থার কাজ বন্ধ হবে কেন? এই নিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে জরুরি বৈঠকেও বসেছেন সুদীপ মুখার্জি আর ভিভান ঘোষ।
সমাজমাধ্যমে নাম না করে জয়জিৎ লেখেন, অনেক সময় তো ধারাবাহিক ৭ দিনেও বন্ধ হয়ে যায়৷ সতীর্থ অর্থাৎ রাহুল অরুনোদয় ব্যানার্জির মৃত্যুতেও নাকি সেই সব মানুষেরা অতটা শোক পাননি যতটা নিজেদের কাজ বন্ধ হওয়ায় হয়েছে৷
প্রসঙ্গত, রাজা মধুবনীও সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন৷ তাঁদের দাবি, দকলে তো দোষী নয়৷ তাহলে কাজ কেন বন্ধ হবে?
রাজা জানান, 'চিরসখা' ধারাবাহিকের এক টেকনিশিয়ান তাঁকে নাকি জানিয়েছেন যে কাজ চলে যাওয়ার পর পরিবার নিয়ে মৃত্যুবরণ করা ছাড়া তাঁর কাছে আর উপায় নেই। রাজা জানিয়েছেন মধুবনী বহুদিন শুটিং করেননি৷ রাজা মধুবনীর আর্থিক উপার্জনের ১৫-২০% আসে টলিউডের কাজ থেকে। তাই তাঁরা শুটিং বন্ধ হলেও চিন্তিত নন কিন্তু টেকনিশিয়ানদের মতো মানুষদের জন্য উদ্বিগ্ন৷
অন্যদিকে ভিভান ঘোষও সরব শুটিং বন্ধ হওয়া নিয়ে৷ তিনি বলেন, "আজকে এই মুহূর্তে তো কাজ বন্ধ। আমরা সকলেই রাহুলদার মৃত্যুতে কষ্টে আছি। আমরা চাই যাঁর গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তার শাস্তি হোক। তদন্ত হোক। টলিউডে স্ট্রাইক হয়েছিল। সব সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছিল। সেগুলো আবার শুরু হল। একটা সিরিয়ালে তো অনেক মানুষ কাজ করেন। প্রচুর মানুষের পেট চলে। হঠাৎ বন্ধ হয়ে গেলে অনেক মানুষ বেকার হয়ে পড়েন। কর্মসংস্থান চললে ভাল হতো। বাকি তদন্ত তো তদন্তের পথে এগোবে।"
৭ এপ্রিল সুরক্ষার দাবিতে এবং রাহুলের মৃত্যুর তদন্তের দাবিতে কর্মবিরতি ছিল টলিউডে। অভিযুক্ত দুই সংস্থার সঙ্গে কাজ করতে কলাকুশলীরা ভয় পাচ্ছেন। এবং রাহুলের মৃত্যুর কারণ সকলেই জানতে চায়৷ তাই সদুত্তর না আসা পর্যন্ত ওই সংস্থার সঙ্গে কেউ কাজ করবেন না এমনটাই সিদ্ধান্ত হয়েছে জানানো হয়৷
প্রসেনজিৎ বলেন, "ওই প্রযোজনা সংস্থার কারও সঙ্গে কোনও কাজ এই মুহূর্ত থেকে করব না। যতক্ষণ না প্রকাশ্যে বা কোর্ট থেকে জানতে পারি আমাদের রাহুল, আপনাদের রাহুল কী করে আমাদের ছেড়ে গেল, কেন চলে ততক্ষণ নয়। আমাদের কারও সঙ্গে লড়াই নেই, ঝগড়া নেই। আমাদের এই পুরো পরিবার ঠিক করেছে পরিবারের (ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স) সঙ্গে কাজ করবে না, যারা আমাদের ঘরের ছেলেকে শেষ করে দিল। প্রকাশ্যে বলতে হবে কী ঘটেছিল, কেন ঘটেছিল। সেটা প্রিয়াঙ্কাকে বলতে হবে যে সে মানল। ৯ দিন হয়ে গেল এখনও বলেনি কী ঘটেছিল।"
গত ২৯ মার্চ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রযোজিত ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা' -এর শুটিংয়ে তালসারিতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের৷ তাঁর মৃত্যুর পর একদিকে যেমন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনই প্রযোজনা সংস্থার তরফে মন্তব্য ঘিরে বিভ্রান্তি সৃষ্টি হয়৷
রাহুলের মৃত্যুর কয়েকদিন পরেই 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের তৃতীয় সিজনের শুট শুরু হয়ে গিয়েছিল৷ এরপরই সকলেই বিরক্ত এবং ক্ষুব্ধ হন প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। কলকাতার রিজেন্ট পার্ক থানা এবং তালসারিতে অভিযোগ দায়ের করা হয়েছে৷
















