মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় আবাসন পুনর্বাসন প্রকল্পের নামে ১৬ কোটি টাকারও বেশি জালিয়াতির অভিযোগে বড় পদক্ষেপ করল বিএমসি। এই চাঞ্চল্যকর প্রতারণার ঘটনায় বিএমসি-র সহকারী মিউনিসিপ্যাল কমিশনার মহেশ পাটিলকে সাসপেন্ড করা হয়েছে। ভুক্তভোগী আর কেউ নন, তিনি জনপ্রিয় অভিনেতা জাভেদ জাফরি-র স্ত্রী হাবিবা জাফরি।

ঘটনার সূত্রপাত হাবিবা জাফরির দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে। পুলিশের কাছে অভিযোগে তিনি জানিয়েছেন, বিএমসি অফিসে মহেশ পাতিলের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখানে মহেশ তাঁকে বান্দ্রার একটি রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের সুযোগের কথা বলেন। অভিযোগ, বিএমসি অফিসকে ঢাল হিসেবে ব্যবহার করে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিনিয়োগের জন্য প্ররোচিত করা হয়। হাবিবা জাফরিকে বলা হয়েছিল যে, এই বিনিয়োগ অত্যন্ত লাভজনক হবে।
অভিযোগ অনুযায়ী, মহেশ তাঁকে ব্যবসায়ী নিশিত প্যাটেলের মাধ্যমে বিনিয়োগ করতে পরামর্শ দিয়েছিলেন।
এরপর সরকারি নথিপত্রের জাল কপি তৈরি করে তাঁদের বিশ্বাস অর্জন করা হয়। সেই ফাঁদে পা দিয়ে হাবিবা জাফরি, জাভেদ জাফরি ও তাঁদের আত্মীয়রা চেকবুক, নগদ অর্থ, এমনকী বিদেশি মুদ্রা ও বিলাসবহুল ঘড়ির মাধ্যমে মোট ১৬.২৪ কোটি টাকা বিনিয়োগ করেন। পরে তাঁরা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে খার থানায় এফআইআর দায়ের করেন।
খার পুলিশ ব্যবসায়ী নিশিত প্যাটেলকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। এর পরেই প্রশাসনের তরফে মহেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, গত বছর নভেম্বরেও বান্দ্রার এই একই প্রকল্পের সঙ্গে নাম জড়িয়ে মহেশ এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যদিও সেই সময় তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন। বর্তমানে এই বড়সড় জালিয়াতির ঘটনায় মুম্বইয়ের প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, পুলিশ পুরো বিষয়টা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে এবং তদন্ত চলছে।















