বক্স অফিসে 'ধামাল ৪' -এর দুর্দান্ত সাফল্যের রেশ এখনও কাটেনি। এর মাঝেই ইন্ডাস্ট্রিতে চার দশকের দীর্ঘ সফর এবং হিন্দি সিনেমার বদলে যাওয়া চরিত্র নিয়ে মুখ খুললেন ৬৩ বছর বয়সী প্রবীণ অভিনেতা জাভেদ জাফরি। বলিউডের নবীন প্রজন্মের তারকাদের কাজের প্রশংসা করার পাশাপাশি তাঁদের কাজের মানসিকতা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, আজকের প্রজন্মের অভিনেতারা অত্যন্ত পেশাদার ও ফোকাসড হলেও, তাঁদের মধ্যে ধৈর্যের অভাব স্পষ্ট!
এক সাক্ষাৎকারে আজকের তরুণ অভিনেতাদের নিয়ে কথা বলতে গিয়ে জাভেদ জাফ্রি বলেন, "নতুন প্রজন্মের অভিনেতারা সবসময় একটা তাড়াহুড়োর মধ্যে থাকে। তারা মানিয়ে নেওয়ার ক্ষেত্রে খুব একটা নমনীয় নয়। তবে এর ভাল দিকটাও দেখতে হবে—তারা ভীষণ পেশাদার, নিজেদের লক্ষ্য নিয়ে একদম পরিষ্কার। প্রতিটি প্রজন্মের নিজস্ব কিছু প্লাস এবং মাইনাস পয়েন্ট থাকে।"
কমেডি ছবিতে নিজের আলাদা স্বতন্ত্র বজায় রাখা এই বর্ষীয়ান অভিনেতা কৌতুক বিনোদনের বদল নিয়েও নিজের মতামত জানান। তাঁর মতে, কমেডির মূল সুর কখনও বদলায় না। তিনি বলেন, "চার্লি চ্যাপলিন, মিঃ বিন কিংবা টম অ্যান্ড জেরি—এদের হাস্যরস চিরন্তন। 'ধামাল'-এর জগতটাও ঠিক তেমনই। আজ থেকে ১০ বছর পরেও এই নির্বোধ ও বোকা চরিত্রগুলোর নিষ্পাপ কাণ্ডকারখানা মানুষকে হাসাবে। ছবিটির প্রথম পর্ব মুক্তির আজ প্রায় ১৯ বছর হতে চলল। মানুষের দেখার রুচি বদলেছে ঠিকই, কিন্তু 'ধামাল' দেখার আনন্দ এখনও একই রকম রয়ে গিয়েছে।"
ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে টিকে থাকতে গিয়ে বাণিজ্যিক সাফল্যের জালে বন্দি হওয়ার অভিজ্ঞতা নিয়েও সতর্ক করেছেন তিনি। অমিতাভ বচ্চনের প্রসঙ্গ টেনে জাভেদ বলেন, "বাণিজ্যিক সাফল্য অনেক সময় অভিনেতাদের একঘেয়ে টাইপকাস্ট করে দেয়। অমিতাভ বচ্চনের মতো সবচেয়ে বড় তারকার জীবনেও এমন এক সময় এসেছিল, যখন তিনি নতুন কিছু করতে পারতেন না, কারণ বাণিজ্যিক দিকগুলো তাঁকে অন্য ভূমিকায় গ্রহণ করতে চাইত না। এখন বয়সকালে এসে তিনি নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছেন, যা তিনি হয়তো বহু আগেই করতে চেয়েছিলেন।"
নিজের অভিনয় সফর নিয়ে আত্মবিশ্বাসী জাভেদ জানান, তিনি খলনায়ক, পাগল কিংবা সিরিয়াস চরিত্র—সব ধরণের কাজই করেছেন। "আমি নিজেকে একটা গণ্ডির মধ্যে আটকে রাখিনি। যদিও মনে করি একজন অভিনেতা হিসেবে আমার ভেতরের অনেক কিছু এখনও আবিষ্কার করা বাকি রয়েছে," বক্তব্য শেষ করতে গিয়ে যোগ করেন তিনি।
















