'ধুরন্ধর' এবং 'ধুরন্ধর ২' মুক্তি পাওয়ার পর রীতিমত হইচই পড়ে গিয়েছিল। বিশেষ করে এই ছবির প্রতিটি চরিত্রের সঙ্গে বাস্তবের অদ্ভুত সাদৃশ্যের জন্য। একই সঙ্গে গল্প এবং অভিনেতাদের অভিনয়ও সমান ভাবে প্রশংসিত হয়েছে। এবার 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পাকিস্তানের আইএসআইয়ের প্রধানের ছেলে। আর সেটা নিয়েই হইচই পড়ে গিয়েছে। 

কী ঘটেছে? পাকিস্তানের আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল হামিদ গুলের ছেলে আব্দুল্লাহ হামিদ গুল সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, 'একটি ভারতীয় ছবি তৈরি হয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত। ওঁরা ওখানে প্রকাশ্যে সকলের নাম নিয়েছেন। ওটা র এর স্ক্রিপ্ট, ছবিতে র এর ফান্ডিংয়ে তৈরি হয়েছে। আমি এটা কিছুতেই মানব না যে এটা কোনও সাধারণ ভারতীয় নাগরিক লিখেছেন।' তিনি এদিন আরও বলেন, 'এই যে হঠাৎ করে এই ধরনের ছবি বানানো হচ্ছে এগুলোর উদ্দেশ্য কী? কী প্রমাণ করতে চাইছে? আমি অবাক হয়ে গিয়েছি, যে এই স্ক্রিপ্ট কে লিখেছেন, কারণ ওতে সমস্ত গভীর তথ্য রয়েছে।' আব্দুল্লাহের এই বক্তব্য হইচই ফেলে দিয়েছে। 

এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। নেটিজেনরা হেসে কূলকিনারা পাচ্ছেন না। কেউ লেখেন, 'ভাবুন তার মানে কতটা রিসার্চ করেছে যে আপনারা পর্যন্ত ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছেন।' আরও একজন লেখেন, 'তার মানে মেনে নিলেন যে যা দেখানো হয়েছে সব সত্যি?' তৃতীয় এক নেতিজেনের মন্তব্য, 'এটা সমালোচনা না প্রশংসা সেটাই বুঝলাম না।' 

?ref_src=twsrc%5Etfw">May 27, 2026

প্রসঙ্গত 'ধুরন্ধর' ছবিটি ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পায়। তার মাত্র তিন মাসের মাথায় ১৯ মার্চ মুক্তি পায় 'ধুরন্ধর ২'। ছবিটিতে এক ভারতীয় গুপ্তচর পাকিস্তানে থেকে কীভাবে সেখানকার খবর এদেশে পাঠাতেন সেটাই তুলে ধরা হয়েছে। মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর সিং। 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজির ছবি দুটোতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে সারা অর্জুন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল, প্রমুখ। আদিত্য ধর ছবিটির পরিচালনা করেছেন। বক্স অফিসে ১৮০০ কোটি টাকার ব্যবসা করেছে দুই ছবি। কিছুদিন আগেই ওটিটি মাধ্যমে মুক্তি পাচ্ছে 'ধুরন্ধর ২'। একই সঙ্গে অন্য আরও একটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'ধুরন্ধর' ছবিটির আনকাট ভার্সন।