সম্প্রতি জোর জল্পনা শুরু হয়েছে, রিয়া চক্রবর্তীর জীবনে নাকি নতুন প্রেম এসেছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় বছর ছয়েক পর, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও এখনও এই বিষয়ে অভিনেত্রী নিজে কিছু ঘোষণা করেননি। কিন্তু কাকে মন দিয়েছেন তিনি? বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে নিখিল কামাতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রিয়া। কিন্তু কে তিনি?
মানুষী চিল্লারের সঙ্গে অতীতে সম্পর্কে ছিলেন নিখিল কামাত। তিনি জেরোধার সহপ্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠান আদতে একটি স্টক ব্রোকিং এবং ট্রেডিং প্ল্যাটফর্ম। ২০২১ সাল থেকে তিনি মানুষী চিল্লারের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। তাঁদের একত্রে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। বছর আড়াই ডেটিং করার পর ২০২৩ সালে তাঁরা তাঁদের সম্পর্কে ইতি টানেন। সমাজমাধ্যমে একে অন্যকে আনফলো করে দেন।
অন্যদিকে ২০২৪ সালের মাঝামাঝি প্রথমবার রিয়াকে নিখিলের সঙ্গে দেখা যায়। এরপর থেকে তাঁদের একত্রে বিভিন্ন ইভেন্টে একসঙ্গে দেখা যেতে শুরু করে। এমনকী সেই বছরের ক্রিসমাস এবং ২০২৫ সালের বর্ষবরণ নাকি তাঁরা একসঙ্গেই গোয়াতে উদ্যাপন করেছেন। তাঁদের ছবি দেখে এমনটাই অনুমান নেটপাড়ার। সেই থেকে জল্পনা বাড়তে থাকে তাঁদের প্রেমের। যদিও এখনও এই বিষয়ে তাঁরা কেউই প্রকাশ্যে কিছু বলেননি।
প্রসঙ্গত, ২০২০ সালে যখন সুশান্ত সিং রাজপুতকে তাঁর মুম্বইয়ের ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তখন রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। অভিনেতার মৃত্যুর পর আইনি জটিলতা, পুলিশি হেফাজতের ঝামেলা তো ছিলই, সঙ্গে সোশ্যাল মিডিয়া ট্রায়ালের মুখেও পড়তে হয় তাঁকে। কঠিন সময় কাটান। সেই ঘটনার পর নতুন সম্পর্কে তিনি জড়িয়ে থাকলেও সেটা নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেননি। ফলে তাঁর এবং নিখিল কামাতের সম্পর্কের জল্পনা কতটা গুজব আর কতটা বাস্তব সেটা আগামীতে বোঝা যাবে।
















