কিছু মাস আগেই তাঁদের কোল আলো করে এসেছে দ্বিতীয় সন্তান। এর মধ্যেই আলাদা হচ্ছেন ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া! তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে? আলাদা হচ্ছে দু'জনের পথ? বলিউডের অন্দরে তেমনই ফিসফাস। এই জল্পনা রটার পর সেটা নিয়ে মুখ খুললেন খোদ কমেডি কুইন। জল্পনায় জল ঢেলে কী বললেন?
বিবাহ বিচ্ছেদের জল্পনা শুরু হতেই সেটা থামিয়ে দিলেন খোদ ভারতী সিং। জানালেন তাঁর এবং হর্ষের মধ্যে সব ঠিক আছে। তাঁরা একসঙ্গেই আছেন, ভাল আছেন। একই সঙ্গে যাঁরা এসব গুজব রটাচ্ছে, তাঁদের উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা।
ভারতী সিং তাঁদের বিবাহ বিচ্ছেদের জল্পনা প্রসঙ্গে এদিন বলেন, 'অনেক ধরনের ভুলভাল খবর রটে যেগুলো সম্পূর্ণ ভুল হয়। আমরা কখনই আলাদা হবো না। এমনকী হয়তো, মৃত্যুর পরেও নয়।' তাঁর আরও সংযোজন, 'মানুষ হয়তো এই ধরনের খবর শুনে মজা পান যে ভারতী এবং হর্ষ আলাদা হচ্ছে, ওদের সম্পর্কে ফাটল ধরেছে। সম্পর্ক ভাঙছে। কিন্তু এসব মিথ্যে।'
কিন্তু হঠাৎ এমন গুজব কেন রটল? সম্প্রতি একই বিল্ডিংয়ে আরও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন হর্ষ। এটা দেখেই অনেকে মনে করতে শুরু করেন যে তবে তাঁরা আলাদা হচ্ছেন। বিয়েতে ইতি টানছেন। এদিন ভ্লগে এই প্রসঙ্গে, ভারতী বলেন, হর্ষ একই বিল্ডিংয়ে আরও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন ঠিকই, কিন্তু থাকার জন্য নয়। বরং সেটাকে সম্পূর্ণ কাজের জন্য ব্যবহার করবেন বলে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, কমেডি সার্কাস এর সেটে তাঁদের প্রথম আলাপ হয়। সেই আলাপ গড়ায় বন্ধুত্ব, পরবর্তীতে প্রেম এবং অবশেষে বিয়েতে। ২০১৭ সালে গোয়ায় তাঁরা গাঁটছড়া বাঁধেন। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান লক্ষ্য জন্ম নেয়। এরপর ২০২৫ সালের শেষ দিকে ভূমিষ্ট হয় তাঁদের দ্বিতীয় ছেলে যশবীর।















