৭ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিওতে আলোচনা চলে শিল্পী ও টেকনিশিয়ানদের নিরাপত্তা বিষয়ে। একই সঙ্গে সেখানে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রযোজনা সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তত যতদিন না তদন্ত শেষ হচ্ছে বা তাদের তরফে জানানো হচ্ছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কীভাবে হয়েছে, কেন হয়েছে। এরপরই শিল্পীদের একাংশ বিরোধিতা করেন। বুধবার রাতে আর্টিস্ট ফোরামের অফিসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে যান 'চিরসখা' ধারাবাহিকের টেকনিশিয়ান ও অভিনেতারা। সেখানে কী সিদ্ধান্ত নেওয়া হল? 

ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের উপর থেকে কি নিষেধাজ্ঞা উঠবে নাকি সত্যিই বন্ধ হচ্ছে 'চিরসখা' ও 'কনে দেখা আলো'? এই বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও, বৈঠক শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "ওই দিন কী হয়েছিল, কীভাবে হয়েছিল, এটা জানার জন্যই এত কিছু। ওঁরা যদি একবার বলে দিতেন যে এইভাবে হয়েছে, এই জন্য হয়েছে, এটুকুই আমরা চাইছি।" 

'চিরসখা'র মুখ্য অভিনেতা, সুদীপ মুখোপাধ্যায় ম্যাজিক মোমেন্টসের ব্যান প্রসঙ্গে বলেন, "আর্টিস্ট ফোরাম একটা সংগঠন, তার একটা পদ্ধতি আছে। আর্টিস্ট ফোরাম, ফেডারেশন সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে।" কিন্তু এদিন যে বৈঠক হল তাতে ধারাবাহিকগুলোর ভবিষ্যৎ নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হল? বিদীপ্তা চক্রবর্তী বলেন, "ধারাবাহিকের ব্যাপারে আমরা বলতে পারি না। এটা চ্যানেল বলবে। চ্যানেল, প্রযোজক, ফেডারেশন, এঁরা ঠিক করবেন। গোটাটাই আলোচনা সাপেক্ষ।" তবে তিনি এদিন জানান টেকনিশিয়ান ও শিল্পীরা আশ্বস্ত হয়েছেন। তাঁর আরও সংযোজন, "এখনই এটা সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। আইনি প্রক্রিয়া হয়ে গিয়েছে।" 

মিটিং থেকে বেরিয়ে দিগন্ত বাগচি বলেন, "মিটিং কিছু ছিল না। নিরাপত্তাহীনতার থেকে এসেছিলাম। আলোচনা করতে এসেছিলাম।" সেই আলোচনা থেকে কি তাঁরা সন্তুষ্ট? রাজা গোস্বামী যিনি এদিন সকালে ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলেন তিনি বলেন, "ইমোশনাল যে বিষয়গুলো ছিল উত্তর পেয়েছি। ব্যক্তিগত প্রশ্ন ছিল, সেগুলো রেখেছি, উত্তর পেয়েছি। ধন্যবাদ ওঁকে (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়)। আশ্বস্ত হয়েছি। এটাই চেয়েছিলাম। ইতিবাচক আলোচনা হয়েছে। নিশ্চয় সমাধান বেরোবে। খুশি আলোচনায়।" 

ভিভান ঘোষ যিনি ধারাবাহিক বন্ধ হচ্ছে জেনে বেকার ভাতার বিষয়ে পোস্ট করেছিলেন তিনি মিটিংয়ের পর সমাজমাধ্যমে লেখেন, "আর্টিস্ট ফোরামের সাথে কথা বলে আশ্বস্ত হলাম। আমি আমার আজকের পোস্ট এর বক্তব্য ফেরত নিচ্ছি।" (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)

ফলে শেষ পর্যন্ত 'চিরসখা', 'কনে দেখা আলো' ধারাবাহিকের ভবিষ্যৎ কী হয় সেটা স্পষ্ট নয়। উত্তর আগামীতে পাওয়া যাবে।