২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। জোয়া আখতার পরিচালিত এই ছবি শুধু বক্স অফিসে ভাল ফল করেনি, দর্শকমনে আলাদা জায়গা করে নিয়েছিল। নিজেকে চেনা, জীবনকে দেখার সংজ্ঞা পাল্টে দিয়েছিল ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। এবার নাকি সেই জনপ্রিয় ছবিরই সিক্যুয়েল আসছে। যা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে।
বিটাউন সূত্রের খবর, 'জিন্দেগি না মিলেগি দোবারা’-র সিক্যুয়েল নাকি তৈরির পথে। বন্ধুত্ব, ভ্রমণ আর জীবনকে নতুন করে দেখার গল্প দিয়ে দর্শকদের মন জয় করেছিল ছবিটি। বহু বছর ধরে এই ছবির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা চললেও সম্প্রতি সেই জল্পনা আরও জোরালো হয়েছে।
খবর অনুযায়ী, প্রথম ছবির তিন মূল অভিনেতা হৃতিক রোশন, অভয় দেওল ও ফারহান আখতার আবারও একসঙ্গে পর্দায় ফিরতে পারেন। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস শুরু হয়েছে। অনুরাগীরা ফের পর্দায় তিন বন্ধুর ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছে।
প্রথম ছবিতে স্পেনের মনোরম রাস্তা, রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার আর জীবনের গভীর বার্তা দর্শকদের ছুঁয়ে গিয়েছিল। স্কাইডাইভিং, বুল রান, ডিপ সি ডাইভিং-সব মিলিয়ে ছবিটি তরুণ প্রজন্মের কাছে আলাদা জায়গা করে নেয়। অনেকের মতে, ছবিটি শুধু একটি সিনেমা নয়, বরং জীবনকে উপভোগ করার এক ধরনের বার্তা ছিল।
সিক্যুয়েলে কী দেখানো হবে, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকে মনে করছেন, এবার তিন বন্ধুর জীবনের পরের অধ্যায় দেখানো হতে পারে যেখানে বয়স ও দায়িত্ব বেড়েছে, কিন্তু বন্ধুত্ব এখনও অটুট। আবার কেউ কেউ আশা করছেন, নতুন কোনও দেশ, নতুন অ্যাডভেঞ্চার ও নতুন অভিজ্ঞতা নিয়ে আবারও শুরু হবে এক রোড ট্রিপ।
পরিচালক জোয়া আখতার আগেও জানিয়েছিলেন, জোরদার গল্প ছাড়া তিনি সিক্যুয়েল করতে রাজি নন। তাই এই খবর সত্যি হলে ধরে নেওয়া যায়, নির্মাতারা যথেষ্ট ভেবেচিন্তেই এগোচ্ছেন।
সব মিলিয়ে, এখনও অফিসিয়াল ঘোষণার অপেক্ষা। তবে যদি সত্যিই ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’ তৈরি হয়, তাহলে দর্শকদের ফের প্রত্যাশা পূরণা হবে বলে মনে করছেন সিনেপ্রেমীরা।
