স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'ঘূর্ণি'। এই মেগার মুখ্য চরিত্রে অভিনয় করছেন কুণাল শীল ও নবাগতা সপ্তাশ্রী নন্দ। সপ্তাশ্রী ছোটপর্দার নতুন মুখ। 'ঘূর্ণি'র হাত ধরেই তাঁর অভিনয়ে প্রথম পথচলা। সপ্তাশ্রীর সঙ্গে এতদিন বিনোদন জগতের কোনও পরিচয় ছিল না। নাচকে ভালবেসে এগিয়ে গিয়েছেন তিনি। মডেলিং-এও দেখা গিয়েছে তাঁকে। জানা যায়, তারপরেই হঠাৎ সুযোগ আসে এই ধারাবাহিকের। প্রথমবার অভিনয় জগতে পা দিয়েই মহিলা ক্রিকেটারের মতো চ্যালেঞ্জিং চরিত্রে ধরা দিতে চলেছেন সপ্তাশ্রী।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম প্রোমো। এক ঝলক দেখেই দর্শকের মধ্যে নতুন নায়িকাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রোমোতে দেখা যাচ্ছে, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ চলছে। শেষ বলে ভারতের ৫ রান চাই। ব্যাট করছে ঘূর্ণি। আর সকলের প্রত্যাশা রেখে শেষ বলে ৬ মেরে দেশকে জিতিয়ে দেয় সে। বলাই বাহুল্য, এই ঘটনার পর দেশের গর্ব হয়ে ওঠে।
কিন্তু একি! দেশের গর্ব পলকে হয়ে ওঠে বাংলার কলঙ্ক। তার পোস্টারে কালি মাখানো হয়। জ্বালিয়ে, ছিঁড়ে দেওয়া হয় পোস্টার। চলে খেলোয়াড়ের বাড়ি ভাঙচুর, তার বিরুদ্ধে স্লোগান দেওয়া। আর এসবের মাঝে জাতীয় দল থেকে বাদ পড়ে যায় ঘূর্ণি। নায়িকা নিজেও ভেবে নেয় তার স্বপ্ন শেষ। সে প্রতিজ্ঞা করে আর ব্যাট ধরবে না। সব জ্বালিয়ে পুড়িয়ে দেয়।
ঘূর্ণি বিবাহিত। তার শ্বশুর বাড়ির লোকের তার এই খেলা বিশেষ পছন্দের ছিল না। যদিও বর তার পাশে। কিন্তু এভাবে সমস্যা হওয়ায় সকলেই তার খেলার বিরোধিতা করে। এমন অবস্থায় নায়িকার স্বপ্নের কী হয় সেটাই দেখা যাবে ধারাবাহিকের গল্পে।
টেন্ট সিনেমার প্রযোজনায় আসছে এই ধারাবাহিক। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে আগেই খবর দেওয়া হয়েছিল যে, নায়কের চরিত্রে দেখা যাবে কুণাল শীলকে। এবার নায়িকা সংবাদও হাজির। কুণালকে দর্শক এর আগে দেখেছিলেন 'গীতা এলএলবি' ধারাবাহিকের মুখ্য চরিত্রে। এবার কুণাল ও সপ্তাশ্রীর এই নতুন জুটি দর্শক মহলে কতটা জায়গা করে নিতে পারে, সেটাই দেখার।















