আরও একবার খবরের শিরোনামে হার্দিক পান্ডিয়া। না, এবার প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তে ফ্রেমবন্দি হননি বা খেলাও কারণ নয়। বরং প্রাক্তন স্ত্রীকে উপহার দিলেন গাড়ি।
সূত্রের খবর হার্দিক পান্ডিয়া তাঁর প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ এবং তাঁদের ছেলে অগস্ত্যকে গাড়ি উপহার দিয়েছেন। তাও যে সে গাড়ি নয়, ৪ কোটি দামের ল্যান্ড রোভার ডিফেন্ডার। ক্রিকেটারের মাঠের বাইরের এই কাজ নিমেষে মন কেড়েছে তাঁর অনুরাগীদের।
যে দোকান থেকে গাড়িটি কেনা হয়েছে তাদের তরফে এই বিলাসবহুল গাড়িটির ছবি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। আর সেই ছবিতেই দেখা গিয়েছে নাতাশা এবং অগস্ত্য গাড়ির সঙ্গে পোজ দিচ্ছেন। আর এই পোস্টের ক্যাপশন দেখেই নেটিজেনদের অনুমান গাড়িটি হার্দিক পান্ডিয়াই তাঁদের উপহার দিয়েছেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, নাতাশা এবং হার্দিক তাঁদের দাম্পত্য জীবনে ইতি টানলেও, একসঙ্গে তাঁদের ছেলে অগস্ত্যকে মানুষ করছেন। ২০২৪ সালে দীর্ঘ জল্পনার পর ডিভোর্সের খবরে সিলমোহর দেন তাঁরা। একই সঙ্গে জানান তাঁরা শপথ নিয়েছেন যে তাঁরা তাঁদের সন্তানকে একসঙ্গে মানুষ করবেন। এবং একে অন্যের প্রতি ম্যাচিওর এবং শ্রদ্ধাশীল সম্পর্ক বজায় রাখবেন। কেবল কথায় নয়, বাস্তবেও যে হার্দিক তাঁর কথা রেখেছেন এবং রাখছেন সেটাই যেন নতুন করে আবার প্রমাণিত হল।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, হার্দিক এবং নাতাশার বিচ্ছেদের পর তাঁদের সন্তান মূলত নাতাশার সঙ্গে থাকলেও সে মাঝে মধ্যে বাবার কাছে আসে। এই ভারতীয় ক্রিকেটারও ছেলে অন্ত প্রাণ। তাঁদের একসঙ্গে বেড়াতে যেতে, খেলতে এবং সময় কাটাতে দেখা যায় মাঝে মধ্যেই।
ডিভোর্সের পর বর্তমানে হার্দিক পান্ডিয়া নতুন সম্পর্কে জড়িয়েছেন। আর সেই বিষয়ে কোনও রাখঢাক করেন না। নতুন প্রেমিকার সঙ্গে আকছার ছবি পোস্ট করেন। হার্দিক পান্ডিয়ার নতুন প্রেমিকা হলেন মাহিকা শর্মা। বছর ২৫ এর মাহিকা পেশায় একজন মডেল। নতুন প্রেমিকার নামের আদ্যক্ষরের ট্যাটু করিয়েছেন হার্দিক কিছুদিন আগেই।
টি-২০ বিশ্বকাপের মধ্যেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভারতের তারকা অলরাউন্ডার। একদিন আগেই বান্ধবীর জন্মদিন ঘটা করে পালন করেন হার্দিক পাণ্ডিয়া। ইনস্টাগ্রামে মাহেকা শর্মার ২৫তম জন্মদিনে বিশেষ বার্তা দেন। এবার পাল্টা ভালবাসা উজাড় করে দিলেন ভারতীয় অলরাউন্ডারের গার্লফ্রেন্ড। সেই পোস্ট এবার স্পটলাইট দখল করে নিয়েছে। নিজেদের একটি ভিডিও প্রকাশ্যে আনেন হার্দিক। সেখানে দু'জনকে একসঙ্গে সেলিব্রেট করতে দেখা যায়। ভিডিওতে একে অপরের মধ্যে ডুবে থাকতে দেখা যায় হার্দিক এবং মাহেকাকে। খোশমেজাজে ছিলেন দু'জনেই। আলোর রোশনাইয়ের মধ্যে বাগানে হাত ধরে হাঁটা থেকে উষ্ণ আলিঙ্গন, সবই ছিল ভিডিওতে। ভিডিওর শেষে ফানুশ উড়িয়ে দিতে দেখা যায় হার্দিক এবং মাহেকাকে। ভিডিওর ক্যাপশনে হার্দিক লেখেন, 'শুভ জন্মদিন প্রিন্সেস।'
