নব্বইয়ের দশকের বলিউডে বহু জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম ছিল গোবিন্দা ও নীলম কোঠারি। একসঙ্গে একাধিক হিট ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন এই জুটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতি নিয়ে খোলামেলা কথা বলেন গোবিন্দা। স্বীকার করেন, একসময় নীলম কোঠারির প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়েছিলেন।
গোবিন্দা জানান,নব্বইয়ের দশকে নীলমের সঙ্গে কাজ করার সময় তিনি তাঁর সৌন্দর্য ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে পড়েছিলেন। অভিনেতার কথায়, নীলম ছিলেন খুবই সুন্দরী, ভদ্র এবং পেশাদার। তাঁর সঙ্গে কাজ করতে সবসময়ই ভাল লাগত। সেই কারণেই একটা সময় অভিনেত্রীর প্রতি নিজের অজান্তেই আকর্ষণ অনুভব করেছিলেন তিনি।
তবে গোবিন্দা স্পষ্ট করে বলেন, সেই অনুভূতি কখনও সীমা ছাড়ায়নি। কারণ তখন তিনি ইতিমধ্যেই বিবাহিত ছিলেন। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই খুব পোক্ত ছিল। তাই ব্যক্তিগত জীবনের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রেখেছিলেন।
অভিনেতা আরও বলেন, নীলমের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং সেটাই সবসময় বজায় থেকেছে। তাঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি। বরং সহ-অভিনেতা হিসেবে একে অপরের প্রতি শ্রদ্ধা ও পেশাদারিত্বই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
গোবিন্দা ও নীলম একসঙ্গে বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ‘লাভ ৮৬’, ‘ইলজাম’, ‘হত্যা’ এবং ‘খুদগর্জ’। প্রতিটি ছবিটিতেই তাঁদের রসায়ন দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল।
বর্তমানে নীলম কোঠারি অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন। ফ্যাশন ও গয়নার ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। অন্যদিকে, গোবিন্দাকেও এখন আগের মতো সিনেমায় নিয়মিত দেখা না গেলেও মাঝেমধ্যে পুরনো দিনের নানা স্মৃতি ও বলিউডের গল্প শেয়ার করেন অভিনেতা।
গোবিন্দার এই খোলামেলা স্বীকারোক্তি শুনে অনেকেই অবাক হয়েছেন। বলিপাড়ার সিনেপ্রেমীদের মতে, ৯০–এর দশকের এক অজানা গল্পই যেন সামনে এনে দিলেন তিনি। এই জনপ্রিয় জুটির সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহল বরাবরই ছিল, আর গোবিন্দার এই মন্তব্য সেই কৌতূহলকে যেন আবার নতুন করে উস্কে দিল।
