দারুণ চমক আসছে স্টার জলসার ধারাবাহিক 'ঘূর্ণি'তে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, ঘটনাচক্রে ঘূর্ণির সঙ্গে বিয়ে হয় পৃথ্বীরাজের। ঘূর্ণির ক্রিকেটার সত্তা তার কাছে অজানা নয়। কিন্তু পরিবারকে মিথ্যে বলেই বিয়ে হয়েছে তার। কারণ তার পিসি ক্রিকেটকে ভালবেসে বাড়ি ছেড়েছে। সেই থেকে দত্ত বণিক বাড়িতে ক্রিকেট নিষিদ্ধ।
কিন্তু সেই বাড়িরই বউ হয়ে এসেছে ঘূর্ণি। বিয়ের রাতে একজন গুণ্ডাকে ক্রিকেট ব্যাট দিয়ে আচ্ছা মতো ধোলাই দিতে দেখা যায় ঘূর্ণিকে। বিভিন্ন ব্যাটিং স্ট্রোক প্রয়োগ করে মারে ঘুর্ণি। সবশেষে তার নিজের আইকনিক ঘূর্ণি স্টাইলে মারতেও ভোলে না। নতুন বউয়ের এমন কাণ্ড দেখে অবাক শ্বশুরবাড়ির লোক। পৃথ্বী কীভাবে সামলাবে সব কিছু? বিয়ের রাতেই কি ঘূর্ণি মহা বিপাকে পড়বে? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? উত্তরের অপেক্ষায় দর্শক।
খুব অল্পদিনের মধ্যেই দর্শক মহলে নিজের জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। ইতিমধ্যেই গত সপ্তাহের টিআরপি তালিকায় এক থেকে দশের মধ্যে স্থান পেয়েছিল এই মেগা।
এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন কুণাল শীল ও নবাগতা সপ্তাশ্রী নন্দ। সপ্তাশ্রী ছোটপর্দার নতুন মুখ। 'ঘূর্ণি'র হাত ধরেই তাঁর অভিনয়ে প্রথম পথচলা। সপ্তাশ্রীর সঙ্গে এতদিন বিনোদন জগতের কোনও পরিচয় ছিল না। নাচকে ভালবেসে এগিয়ে গিয়েছেন তিনি। মডেলিংয়েও দেখা গিয়েছে তাঁকে। জানা যায়, তারপরেই হঠাৎ সুযোগ আসে এই ধারাবাহিকের। প্রথমবার অভিনয় জগতে পা দিয়েই মহিলা ক্রিকেটারের মতো চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাচ্ছে সপ্তাশ্রীকে। প্রতিদিন সন্ধে সাড়ে সাতটা থেকে দেখা যাচ্ছে এই মেগাকে।















