রিয়ালিটি শো-এর গেমপ্লে নিয়ে সমালোচনা করায় নিখিল চিনাপা যে 'কুরুচিকর মন্তব্য' করেছেন, তার তীব্র প্রতিবাদ জানালেন অভিনেত্রী গওহর খান। নারী শরীরের একটি সংবেদনশীল বিষয়কে এভাবে 'অপমান' করায় নিখিলকে একহাত নিলেন তিনি।
রাখঢাকহীন নিজের মতামত প্রকাশ করার জন্য বলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচিতি রয়েছে অভিনেত্রী গওহর খানের। বর্তমানে তিনি রিয়ালিটি শো 'অ্যালায়েন্স'-এ তাঁর স্বামী তথা প্রতিযোগী জায়েদ দরবার-কে সমর্থন জুগিয়ে খবরের শিরোনামে রয়েছেন। তবে শো-এর বাইরে নিখিল চিনাপা এবং মিনি মাথুরের খেলা নিয়ে গওহরের করা একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। নিখিলের সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যের পর এবার ইনস্টাগ্রামে একের পর এক ভিডিও পোস্ট করে বিস্ফোরক আক্রমণ শানিয়েছেন গওহর।
তা ঠিক কী ঘটেছিল? রিয়ালিটি শো থেকে সম্প্রতি এলিমিনেট হওয়ার পর একটি সাক্ষাৎকারে নিখিল চিনাপাকে গওহরের সমালোচনা সম্পর্কে প্রশ্ন করা হয়। এর জবাবে নিখিল এমন এক মন্তব্য করেন যা ঘিরে তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়। নিখিল বলেন, গওহরের এই মন্তব্যের আসল কারণ হয়তো মিনি মাথুর ভাল বলতে পারবেন, কারণ তিনি ‘মেনোপোজ এবং পেরিমেনোপোজ’ নিয়ে অনেক কিছু জানেন!
নিখিলের এই বক্তব্যের তীব্র নিন্দা করে গওহর জানান, গেমপ্লে নিয়ে তাঁর করা একটি স্পষ্ট সমালোচনাকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করা অত্যন্ত নিম্নরুচির পরিচয়। ইনস্টাগ্রাম ভিডিওয় ফুঁসে উঠে গওহর বলেন, একজন বিবাহিত পুরুষ হয়ে এবং ছোট সন্তান থাকার পরেও কেউ কীভাবে মহিলাদের এই সংবেদনশীল বিষয়গুলি নিয়ে এমন অজ্ঞতার পরিচয় দিতে পারেন, তা সত্যিই দুর্ভাগ্যজনক। উচ্চশিক্ষা এবং সুযোগ-সুবিধা পাওয়ার পরেও মানুষের মধ্যে যদি ন্যূনতম সংবেদনশীলতা না থাকে, তবে তা অত্যন্ত লজ্জার।
গওহর সাফ জানিয়ে দেন যে তাঁর সমালোচনার উদ্দেশ্য ছিল শুধুমাত্র নিখিলের খেলার কায়দা নিয়ে, তাঁর ব্যক্তিগত জীবন নয়। অভিনেত্রী ক্ষোভ উগরে দিয়ে বলেন, "মিনির সঙ্গে এটার কী সম্পর্ক? আপনি ধরে নিলেন আমি এমন একটা বয়সে আছি যেখানে আমি মেনোপোজ বা পেরিমেনোপোজের মধ্যে দিয়ে যাচ্ছি এবং সেই কারণেই আমার এমন মতামত! এটা সম্পূর্ণ হাস্যকর।"
নিখিলের নাম না করে তাঁকে ‘অজ্ঞ’ বলে আক্রমণ করে গওহর আরও বলেন, কোনও মহিলার মতামতকে তাঁর পিরিয়ড বা মেনোপোজের সঙ্গে জুড়ে দেওয়া অত্যন্ত সংকীর্ণ মানসিকতার পরিচায়ক। নিখিলের ভুল ভাঙিয়ে দিয়ে গওহর বলেন, “আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, মাত্র নয় মাস আগেই আমার একটি সন্তান হয়েছে। সুতরাং, আমি নিশ্চিতভাবেই মেনোপোজ বা পেরিমেনোপোজের মধ্যে দিয়ে যাচ্ছি না। দয়া করে তথ্য ঠিক করুন এবং মহিলাদের এই ধরনের বিভাগে ফেলার আগে একটু সংবেদনশীল হোন। জঘন্য ব্যাপার!”
পাশাপাশি, সমস্ত নারীদের পাশে দাঁড়িয়ে গওহর বার্তা দেন যে, জীবনের স্বাভাবিক একটি ধাপকে সামনে এনে কোনও নারীর মতামতকে কখনওই অবমূল্যায়ন করা উচিত নয়। নিখিলের উদ্দেশ্যে তিনি বলেন, মহিলাদের এই সংবেদনশীল বিষয়গুলো না বোঝার জন্য তাঁর নিজের স্ত্রী এবং পরিবারের নারীদের কাছে ক্ষমা চাওয়া উচিত।
















