'গঙ্গা' ধারাবাহিকে আসছে নতুন চমক। পুলিশের চাকরি পাওয়ার আগে নতুন বিপদ পড়তে চলেছে নায়িকা! সাহসিকতার পরিচয় দিতে গিয়ে কোন বিপদ ডেকে আনবে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'গঙ্গা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গঙ্গা দারুণ হতাশ পুলিশের চাকরি না পেয়ে। মন খারাপ করে যখন সে ফিরছে তখনই দেখত পায় তার জায়ের কোচিং সেন্টারে বিধ্বংসী আগুন লেগেছে। নিকট আত্মীয়ের বিপদে নিজেকে আর সংযত রাখতে পারে না নায়িকা। ছুটে যায়। ওই আগুনের মধ্যে ঢুকে সকলকে এক এক করে নিরাপদে বের করে আনে। বাকিদের বিপদ থেকে উদ্ধার করলেও নিজে বের হতে পারে না। ওই ধোঁয়া, গরমের মধ্যে আটকে পড়ে। 

অর্জুন যথা সময়ে সেখানে হাজির হয়, কিন্তু ততক্ষণে জ্ঞান হারিয়েছে গঙ্গা। তাকে উদ্ধার করে বাইরে আনে অর্জুন। তখনই এক সিনিয়র অফিসার জানান গঙ্গা পুলিশের চাকরি পেয়ে গিয়েছে। তার মতো সাহসী কাউকে দরকার ফোর্সে। কিন্তু নায়িকা তো অচেতন। সে কি আদৌ জানতে পারবে যে এই চাকরি সে পেয়ে গিয়েছে? কী ঘটে আগামীতে সেটাই এখন দেখার। 

প্রসঙ্গত, 'গীতা এলএলবি' ধারাবাহিকের পর স্টার জলসার হাত ধরেই ফের ধারাবাহিকে ফিরলেন হিয়া মুখোপাধ্যায়। এখানে তাঁর বিপরীতে রয়েছেন সাহেব ভট্টাচার্য। সাহেবকেও শেষবার একই চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক 'কথা'য় দেখা গিয়েছিল। 'গঙ্গা' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ রাত ৯টা নাগাদ দেখা যায়। এই বিশেষ পর্বটি আগামী ১১ থেকে ১৩ জুলাই দেখানো হবে।