‘গেম অফ থ্রোনস’-এর সেই দাপুটে ‘টাইউইন ল্যানিস্টার’ এবার গথাম সিটির অন্ধকারে! দীর্ঘ প্রতীক্ষার পর ম্যাট রিভসের পরিচালনাধীন 'দ্য ব্যাটম্যান পার্ট ২'-এর কাস্টিং নিয়ে এল বড় আপডেট। ডিসি ইউনিভার্সে নাম লেখাতে চলেছেন বর্ষীয়ান ব্রিটিশ অভিনেতা চার্লস ডান্স।

 

সুপারহিরো ছবির জগতে নতুন চমক। রবার্ট প্যাটিনসন অভিনীত 'দ্য ব্যাটম্যান পার্ট ২'-এর কাস্টিংয়ে যুক্ত হলেন ‘গেম অফ থ্রোনস’ সিরিজ খ্যাত বর্ষীয়ান অভিনেতা চার্লস ডান্স। ‘গেম অফ থ্রোনস’-এ টাইউইন ল্যানিস্টারের মতো চরিত্র করে তিনি বিশ্বজুড়ে সাড়া ফেলেছিলেন। এবার তাঁকে দেখা যাবে ব্যাটম্যানের দুনিয়ায়, হার্ভি ডেন্টের বাবার চরিত্রে।

 

হলিউড রিপোর্ট অনুযায়ী, এই ছবিতে চার্লস ডান্সকে দেখা যাবে ‘ক্রিস্টোফার ডেন্ট’-এর চরিত্রে। ছবিতে হার্ভি ডেন্ট বা ‘টু-ফেস’-এর ভূমিকা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা রয়েছে। শোনা যাচ্ছে, হার্ভি ডেন্টের চরিত্রে অভিনয় করতে পারেন সেবাস্টিয়ান স্ট্যান এবং তাঁর স্ত্রী গিল্ডা ডেন্টের চরিত্রে দেখা যেতে পারে স্কারলেট জোহানসনকে! যদি এই খবর সত্যি হয়, তবে মার্ভেল তারকাদের ডিসি ইউনিভার্সে দেখাটা হবে দারুণ এক অভিজ্ঞতা। জানিয়ে রাখা ভাল, মার্ভেলের অ্যাভেঞ্জার্স-এ বাকি তথা 'উইন্টার সোলজার'-এর ভূমিকায় সেবাস্টিয়ান স্ট্যান এবং নাতাশা রোমানোফ তথা 'ব্ল্যাক উইডো'-র চরিত্রে বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় হয়েছিলেন স্কারলেট। 

 

কেন চার্লস ড্যান্সই সেরা পছন্দ ব্যাটম্যান ছবির এই চরিত্রের জন্য? পর্দায় প্রভাবশালী এবং জটিল ব্যক্তিত্বের চরিত্রে চার্লস ডান্সের জুড়ি মেলা ভার।  'গেম অফ থ্রোনস'-এ  ল্যানিস্টার পরিবারের প্রধান হিসেবে তাঁর অভিনয়ের সেই ‘প্যাট্রিয়ার্ক’ ইমেজ ব্যাটম্যান-এর এই নতুন অধ্যায়ে খ্রিস্টোফার ডেন্টের চরিত্রের জন্য একদম যথাযথ বলে মনে করছেন নির্মাতারা। ম্যাট রিভসের ব্যাটম্যানের জগতটা এমনিতেই বেশ অন্ধকার ও গম্ভীর, সেখানে চার্লস ডান্সের উপস্থিতি ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।

 

আগামী ১ অক্টোবর, ২০২৭-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দ্য ব্যাটম্যান পার্ট ২’। রবার্ট প্যাটিনসন ছাড়াও এই এই অ্যাকশন ড্রামাতে ফিরছেন জেফ্রি রাইট (জিম গর্ডন), অ্যান্ডি সার্কিস (আলফ্রেড পেনিওয়ার্থ) এবং কলিন ফ্যারেল (দ্য পেঙ্গুইন)। পাশাপাশি জোকার হিসেবে ব্যারি কিওগানের ফেরার সম্ভাবনাও প্রবল। এই বসন্তেই ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে শুরু হচ্ছে ছবির শুটিং।