আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
ভারতে আসছেন না 'ফাসলা'র গায়ক!
মধ্যপ্রাচ্যের সংঘাতের আঁচ কমার নাম নেই। আর এই অবস্থায় তাই ভারতে আসছেন না বাহারেনের জনপ্রিয় র্যাপার ফ্লিপারেচি। 'ধুরন্ধর' ছবিটি মুক্তি পাওয়ার পর নিমেষে ভাইরাল হয় 'ফাসলা' তথা 'Fa9la' গানটি। সামনেই মুক্তি পাচ্ছে এই ছবির দ্বিতীয় ভাগ, 'ধুরন্ধর : দ্য রিভেঞ্জ'। তার আগেই এল দুঃসংবাদ। সারেগামাপা ইন্ডিয়ার তরফে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানানো হয়েছে এই অশান্তির আবহে তিনি ভারতে শো করতে আসতে পারছেন না। আগামী ১৩ থেকে ১৫ ম্যাচ তাঁর দেশে পারফর্ম করার কথা ছিল। ১৩ মার্চ মুম্বইয়ে শো ছিল তাঁর। পরে হবে শো এমনও বার্তা আসেনি। সোজা বাতিল করে দেওয়া হয়েছে। আর এই সংবাদ আসার পর ভেঙে পড়েছেন শ্রোতারা। তাঁরা প্রত্যাশা করেছিলেন যে গায়ককে লাইভ শুনবেন। কিন্তু সেটা হচ্ছে না।
কৃতিকা-গৌরবের বিয়েতে চাঁদের হাট!
সাত পাকে বাঁধা পড়লেন গৌরব কাপুর এবং কৃতিকা কামরা। ১১ মার্চ তাঁদের বিয়ে উপলক্ষ্যে বলিউডের একাধিক চেনা মুখকে হাজির থাকতে দেখা গেল। এসেছিলেন সোহা আলি খান, ফারহান আখতার, প্রমুখ। সন্তানকে নিয়ে এসেছিলেন যুবরাজ সিং। মালাইকা আরোরা, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, জাহির খানকেও উপস্থিত থাকতে দেখা যায় এদিন। মাসাবা গুপ্তা, বীরেন্দ্র সেহওয়াগ-ও এসেছিলেন। বিয়েতে গৌরব কাপুর আইভরি রঙের বন্ধগলা পরেছিলেন। অন্যদিকে কৃতিকাকে লাল শাড়ি এবং ম্যাচিং ব্লাউজে দেখা যায়। বিশেষ জাঁকজমক করেননি তাঁরা বিয়েতে। নিকট আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয় তাঁদের।
ইঙ্গিতবহ বার্তা আদার! কী হল?
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতবহ বার্তা পোস্ট করেন আদা শর্মা। সেখানেই তিনি জানান গত এক মাস ধরে তিনি পাগল হয়ে রয়েছেন। তাঁর হাতে কোনও কাজ নেই। কিন্তু কেন? জানা গিয়েছে তাঁর আগামী প্রজেক্টের প্রযোজক হঠাৎই শুটিংয়ের শিডিউল বদলেছেন। তাই তাঁর ক্যালেন্ডারে একটা গ্যাপ পড়েছে। হাতে অফুরান সময় তাঁর। একই সঙ্গে অনেকেই মনে করছেন এই ভিডিওর মাধ্যমে তিনি তাঁর আগামী ছবির হিন্ট দিয়েছেন। হতে পারে তাঁর আগামী প্রজেক্টের নাম 'ভেল্লিপান্তি'। যদিও এই বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এখনও।
