পরিচালক প্রযোজক শিবপ্রসাদ মুখার্জির জন্মদিনে উইনডোজ প্রযোজনা সংস্থার তরফ থেকে এল বিশেষ উপহার৷ 'ফ্যামিলিওয়ালা' ছবির ঝলক প্রকাশ্যে এল৷ ছবির পরিচালক সুমন ঘোষ। ২০২৬ এই মুক্তি পাবে এই ছবি৷
ছবির নাম থেকেই বোঝা যাচ্ছে একজন ফ্যামিলিম্যান বা পরিবারের কর্তাব্যক্তির চরিত্রে দেখা যাবে শিবপ্রসাদকে৷ কিন্তু সেই চরিত্র কেমন?
ঝলকে শিবপ্রসাদ মুখার্জিকে আবেগের বিভিন্ন পর্যায়ে দেখা গিয়েছে৷ ঝলক থেকেই স্পষ্ট শিবপ্রসাদের এই চরিত্রে একাধিক শেড থাকবে৷ সে কখনও হাসছে, কখনও গম্ভীর, কখনও কাঁদোকাঁদো আবার কখনও ভীত৷
প্রযোজক পরিচালক হওয়ার অনেক আগে থেকেই অভিনয় করতেন শিবপ্রসাদ৷ সুমন ঘোষ পরিচালিত এই ছবি অভিনেতা শিবপ্রসাদের মুন্সীয়ানাকেই নতুন আঙ্গিকে প্রকাশ করবে বলে আশা করা যাচ্ছে৷
এই ছবিতে শিবপ্রসাদের সঙ্গে অভিনয় করছেন স্বস্তিকা মুখার্জি এবং সুদীপ্তা চক্রবর্তী। হাস্যরসের আধারে পারিবারিক গল্প বলা হবে 'ফ্যামিলিওয়ালা'তে৷
এর আগে একসঙ্গে সুদীপ্তা স্বস্তিকা শিবপ্রসাদকে পুর্দায় দেখতে পাননি দর্শক। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ছবি নিয়ে তৈরি হয়েছে আগ্রহ৷ পরিচালক শুটিং সেটের ছবি প্রকাশ করতেই দর্শকদের মধ্যে ছবি ঘিরে আলোচনা শুরু হয়ে গিয়েছে৷
হাসি মজার মধ্যেও থাকবে মানবমনের সম্পর্কের জটিল সমীকরণ৷ পরিচালক সুমন ঘোষের গল্প বলার ধরনের সঙ্গে শিবপ্রসাদ, স্বস্তিকা এবং সুদীপ্তার মতো অভিনেতা অভিনেত্রীদের শিল্পনৈপুণ্য মিলেমিশে নতুন চমক অপেক্ষা করছে বলেই মনে করছেন দর্শকরা৷















