সিনেমার রূপোলি পর্দা হোক বা কনসার্টের মঞ্চ, ফারহান আখতারের গানের ভক্তের সংখ্যা কিন্তু বেশ ঈর্ষণীয়। তবে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে স্ত্রী শিবানী ডাণ্ডেকরের সঙ্গে গাইতে গিয়ে রীতিমতো নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন এই গায়ক-পরিচালক।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে তাঁদের একটি পারফরম্যান্সের ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। কেউ বলছেন "বেসুরো", আবার কারও বক্তব্য—"গানের গলার এই হাল কেন?"
ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ফারহান ও শিবানী একসঙ্গে বিখ্যাত ছবি ‘রক অন’-এর জনপ্রিয় গান ‘মেরে লন্ড্রি কা বিল’ এবং ‘দিল ধড়কনে দো’-র শিরোনাম গানটি গাইছেন। কিন্তু পারফরম্যান্স চলাকালীন তাঁদের তাল ও সুরের অভাব স্পষ্ট ছিল বলেই দাবি নেটিজেনদের।
Farhan performing at a wedding, he’s doing everything but making movies
by u/Mellow-sid in BollyBlindsNGossip
রেডিটে ভিডিওটি পোস্ট হতেই কমেন্ট বক্সে সাধারণ মানুষের মন্তব্য উপচে পড়ে। এক নেটিজেন লিখেছেন, "ফারহানের গলা তো পুরো বেসুরো শোনাচ্ছে!" অন্য একজন কটাক্ষ করে বলেন, "ফারহানের গলার আওয়াজ পুরো নষ্ট হয়ে গিয়েছে, কিছুই শোনা যাচ্ছে না।" আবার ‘মেরে লন্ড্রি কা বিল’ গানটির প্রসঙ্গ টেনে মজা করে একজন লিখেছেন, "মনে হচ্ছে ওঁর লন্ড্রির বিল এখনও মেটানো হয়নি, তাই এই অবস্থা!"
তবে সবাই যে সমালোচনা করেছেন, তা নয়। নেটিজেনদের একটি বড় অংশ ফারহান ও শিবানীর হয়ে সওয়ালও করেছেন। তাঁদের বক্তব্য, তারকাদের ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করা ইদানীং খুবই স্বাভাবিক এবং এটি আয়ের অত্যন্ত লাভজনক একটি মাধ্যম।
এক অনুরাগী ট্রোলারদের উদ্দেশ্যে লেখেন, "কয়েকটা গান গেয়ে, দু-এক ঘণ্টা পারফর্ম করে যদি পকেটে ২ থেকে ৩ কোটি টাকা চলে আসে, সঙ্গে পাঁচ তারা হোটেলের সেরা আতিথেয়তা আর বিমানের ফার্স্ট ক্লাসের টিকিট বিনামূল্যে পাওয়া যায়—তবে এই সুযোগ কে ছাড়বে? এটা তো একদম সহজ উপার্জনের উপায়!"
অন্য একজন যোগ করেন, বহু বছর ধরে কঠোর পরিশ্রম করে একটা সিনেমা বানানোর চেয়ে এরকম 'সাইড গিগ' থেকে সহজেই বড় অঙ্কের টাকার নিশ্চিত আয় সম্ভব। তাই সুর কিছুটা এদিক-ওদিক হলেও এতে দোষের কিছু দেখছেন না ভক্তরা।
উল্লেখ্য, তারকাদের বিয়ের আসরে পারফর্ম করার রেওয়াজ বলিউডে নতুন নয়। এর আগে শাহরুখ খান, সলমন খান, অক্ষয় কুমার এবং রণবীর সিংয়ের মতো প্রথম সারির তারকারা কোটি কোটি টাকার বিনিময়ে উচ্চবিত্তদের বিয়ের আসর মাতিয়েছেন। চলতি বছরেই এক শিল্পপতির বিয়ের অনুষ্ঠানে শাহরুখের উপস্থিতি আলোড়ন ফেলেছিল। অন্যদিকে, ফরমায়েশি অনুষ্ঠানে রণবীর সিংয়ের উদ্দাম নাচের ভিডিও তো প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
অনন্যা পাণ্ডে, জন্নত জুবেইর, নোরা ফতেহি, তামান্না ভাটিয়া এবং জাহ্নবী কাপুরের মতো তরুণ তারকাদের কাছেও এই ধরনের প্রাইভেট ইভেন্ট মোটা অঙ্কের আয়ের অন্যতম প্রধান উৎস।
সম্প্রতি, যুদ্ধভিত্তিক ছবি ‘১২০ বাহাদুর’-এ মেজর শয়তান সিংয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ফারহান। তবে কর্মজগতে তাঁর সময়টা খুব একটা শান্তিতে কাটছে না। একদিকে ‘ডন ৩’ ছবি নিয়ে তুমুল জল্পনা ও বিতর্ক চলছে। শোনা যাচ্ছে, সৃজনশীল মতভেদের কারণে ছবি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। আর এর ফলে প্রায় ৪০-৪৫ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে এক্সেল এন্টারটেইনমেন্টকে, যার জন্য তারা আইনি ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।
তার ওপর আবার বিয়ের মঞ্চে এই 'বেসুরা' পারফরম্যান্সের ট্রোল—সব মিলিয়ে ফারহান আখতার আপাতত নেটপাড়ার হট টপিক!
















