শোনা যায়, ২০০৬-২০০৭ সাল বলিপাড়া ভাগ হয়ে গিয়েছিল দুটো লবিতে -অমিতাভ বচ্চন এবং শারুখ খান। এই দুই ক্যাম্পে নাকি নাম লিখিয়েছিলেন তাবড় তাবড় তারকারা। শাহেনশাহ ও বাদশা-ও ওই সময়ে পরস্পরের মুখোমুখি হতেন না কোনও অনুষ্ঠানেও। একসঙ্গে ছবি করা তো দূরের কথা! এহেন সময়েই অর্থাৎ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ওম শান্তি ওম’। সে ছবির আইকনিক গান “দিওয়াঙ্গি দিওয়াঙ্গি” -র কথা মনে নেই এমন সিনেমাপ্রেমী খুঁজে পাওয়া ভার। এক ফ্রেমে ৩১ জন বলিউড সুপারস্টারকে এনে ইতিহাস তৈরি করেছিলেন পরিচালক ফারাহ খান। কিন্তু বলিউডের এত বড় চাঁদের হাটের মাঝেও দেখা মেলেনি অমিতাভ বচ্চন এবং মিস্টার পারফেকশনিস্ট আমির খানের। কেন আসেননি তাঁরা শাহরুখের ছবিতে? এত বছর পর সেই ঐতিহাসিক গানের শুটের নেপথ্যের এক মারাত্মক মজাদার এবং বিস্ফোরক গোপন তথ্য ফাঁস করলেন পরিচালক তথা কোরিওগ্রাফার ফারাহ খান।
সম্প্রতি, দেওয়া একটি সাক্ষাৎকারে ফারাহ খান জানান, অমিতাভ বচ্চন এই গানে থাকতে পারেননি কারণ সেই সপ্তাহেই ছিল অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাইয়ের বিয়ে। স্বভাবত ই ছেলের বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন অমিতাভ। তবে এর পরেই এক মুখ চওড়া হাসি নিয়ে ফারাহ যা বললেন, তাতে হেসে কুপোকাত নেটপাড়া। ফারাহ রসিকতা করে বলেন, “অভিষেক-ঐশ্বর্যর বিয়ের জন্য অমিতজি আসতে পারেননি। কিন্তু মজার বিষয় হলো, বচ্চন পরিবার ওই বিয়েতে বলিউডের বহু তারকাদের নিমন্ত্রণ করেনি! তাই যেহেতু ইন্ডাস্ট্রির কারও বিয়েতে যাওয়ার তাড়া ছিল না, তারা সবাই দল বেঁধে আমার গানের শুটিংয়ে চলে এসেছিল। একদিক থেকে ওটা আমার জন্যই ভাল-ই হয়েছিল!”
শুধু অমিতাভ বচ্চনই নন, এই গানটি ফিরিয়েছিলেন আমির খানও। আমির খানের না আসার সেই আজব ও হাসির গল্প শোনান ফারাহ। আমির প্রথমে ফারাহকে ঝুলিয়ে রেখে জানান যে তিনি ‘তারে জামিন পার’ ছবির এডিটিং নিয়ে ব্যস্ত। ফারাহ যখন বলেন যে মাত্র দু’ঘণ্টার মধ্যে শুটিং শেষ করে দেবেন, তখন আমির এক অদ্ভুত যুক্তি খাড়া করেন।
ফারাহর ভাষায়, “আমির আমাকে ফোন করে বলল, ‘ফারাহ, আমি এখন এডিটিং টেবিলে আছি। আমি যদি এই এডিটিং ছেড়ে দু’ঘণ্টার জন্য তোমার শুটিংয়ে যাই, তাহলে আমার ছবি মুক্তি পেতে আরও ছয় মাস দেরি হয়ে যাবে!’ আমি বললাম, তাহলে ভাই তোমার আসার কোনও দরকার নেই! পরে অবশ্য আমির নিজেই আমার কাছে স্বীকার করেছিল, ‘আসলে আমি আসতে চাইনি, তাই ওই বাহানা দিয়েছিলাম’।”
ফারাহ আরও জানান, কিংবদন্তি অভিনেতা দেব আনন্দকে এই গানের প্রস্তাব দেওয়া হলে তিনি সটান জানিয়ে দেন, “আমি কোনও ছবিতে ক্যামিও (ছোট চরিত্র) করি না।” দেব সাহেবের এই সততাকে কুর্নিশ জানিয়েছিলেন ফারাহ। অন্যদিকে, অভিনেতা ফরদিন খান এই গানের শুটিংয়ে আসার পথেই দুবাই এয়ারপোর্টে আইনি জটিলতায় আটকে যান, যার ফলে তিনিও আসতে পারেননি।
শাহরুখ খানের সঙ্গে ধর্মেন্দ্র, রেখা, মিঠুন চক্রবর্তী, সলমন খান, সাইফ আলি খান, রানী মুখার্জী থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়াদের সেই জমকালো নাচ আজও বলিউডের অন্যতম সেরা ফ্রেম। তবে এত বছর পর ফারাহ খানের এই পেছনের গল্পগুলো প্রমাণ করে যে, পর্দার পেছনের রিয়েল লাইফ ড্রামা পর্দার ভেতরের ড্রামার চেয়ে কোনও অংশে কম ছিল না!
















