'মা' ধারাবাহিকের 'ঝিলিক' চরিত্রটির ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। আর সেই ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন। আজও তাঁকে তিথির বদলে দর্শক ঝিলিক বলেই মনে রেখেছেন। এ হেন অভিনেত্রী বর্তমানে লাইট ক্যামেরা অ্যাকশনের থেকে দূরে থাকলেও কি কখনও কাস্টিং কাউচের শিকার হয়েছেন? কী জানালেন আজকাল ডট ইনকে? 

তিথি বসু সম্প্রতি আজকাল ডট ইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি যখন শিশু শিল্পী ছিলেন সেই সময় তাঁকে কোনও অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়নি। অভিনেত্রীর কথায়, "কোনও দিনও শ্লীলতাহানি বা অপ্রীতিকর কিছুর সম্মুখীন হইনি। ভগবানের আশীর্বাদে আমি যে ক'বছর সিরিয়াল করেছি বা তার আগে যখন সিনেমা করেছি, তখন এই ধরনের কিছুর সম্মুখীন হইনি। বড় হওয়ার পর ফেস করেছি। কিন্তু সেটা সিরিয়ালের কারও থেকে নয়।" 

তাহলে কাদের থেকে এই কুপ্রস্তাব পেয়েছিলেন তিথি? তাঁর কথায়, "পরে হয়তো কখনও মিউজিক ভিডিওর কাজে আমায় কেউ ডাকলেন, তিনি হয়তো আমাকে অন্য কিছু অফার করেছেন। এই জিনিসগুলো আমি পরে ফেস করেছি।" এই ধরনের প্রস্তাব কীভাবে দেওয়া হয় সেই বিষয়ে তিথি বলেন, "ভীষণ সোজাসুজি ভাবে। আমি একদম ডিরেক্ট অফার পেয়েছি। আমাকে লোভ দেখানো হয়েছিল থাইল্যান্ড ঘুরতে যাওয়ার। বলা হয়েছিল 'থাইল্যান্ডে শুট হবে, বলো তুমি কতদিন ওখানে থাকবে?' আমার কাছে এটা কোনও গুরুত্বপূর্ণ ব্যাপার না যে আমি শুটিংয়ের জন্য থাইল্যান্ড যাচ্ছি। আমি নিজের ক্ষমতায় যেদিন যাব, যাব। সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু ওই লোভে পড়ি না।" 

এছাড়া এদিন তিথি একটি ভয়ঙ্কর ঘটনার স্মৃতি হাতড়ে বলেন, "আমায় একবার এক প্রযোজক ডেকেছিলেন। আমার বাড়ির সামনেই ওঁর অফিস, গিয়েছি। মিউজিক ভিডিওর কন্ট্রাক্ট করবেন বলেছিলেন। একটি ঘরে অনেক লোকজন, তার মধ্যেই উনি আমাকে এমন ভাবে দেখছিলেন সেটা আমার ভাল লাগেনি। তাও কিছু বলিনি। কথা বলতে বলতেই উনি ওঁর অফার আমায় করেন। উনি সোজাসুজি আমায় ওঁর সঙ্গে শুতে বলেন। সেখান থেকে বেরিয়ে আসি।" তাঁর আরও সংযোজন, "অফার ছেড়ে দিন, উনি ওখানে আমায় এমন ভাবে ধরেছিলেন যেন ওখানেই সবটা করে ফেলতে চান। এমনই ওঁর মানসিকতা ছিল। এরম এক দুবার ঘটেছে। টুন ইন্ডাস্ট্রি থেকে কখনও ফেস করিনি।"