শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যেন একই অঙ্গে বহুরূপ। কখনও তিনি পরিচালক, কখনও প্রযোজক, কখনও আবার অভিনেতা। আর সবথেকে বড় কথা তাঁর কোন রূপকে দর্শক এগিয়ে রাখবে, সেটা ভাবতে গিয়ে হিমসিম খায়। একদিকে যখন তিনি পরিচালক হিসেবে 'ফুলপিসি ও এডওয়ার্ড' ছবির শুটিং শেষ করলেন, তখন আরেকদিকে অভিনেতা হিসেবে 'ফ্যামিলিওয়ালা'। আর দ্বিতীয়টির অভিজ্ঞতাই এদিন তিনি আজকাল ডট ইনের সঙ্গে ভাগ করে নিলেন।
সুমন ঘোষের পরিচালনায় কাজ করতে পেরে শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিভূত বলেই জানান। একই সঙ্গে জানান এই ছবিতে যে তাবড় তাবড় শিল্পীদের সঙ্গে কাজ করেছেন, তাতে তিনি একাধারে মুগ্ধ, এবং চিন্তিত। অভিজ্ঞতা জানিয়ে 'ফ্যামিলিওয়ালা' বলেন, "উইন্ডোজের ২৫ বছর পূর্তিতে সুমন ঘোষ উইন্ডোজের জন্য যে সিনেমাটি বানাচ্ছেন তার ভাবনা ইউনিক। একটি অনন্য, অসাধারণ ভাবনা। আমাদের সামনের পৃথিবী বোধহয় এমন ভাবনাকে সঙ্গে নিয়ে এগোবে। সেই সিনেমার অংশ হতে পেরে এবং অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রটি আমায় দেওয়া হয়েছে, বিশ্বাস করা হয়েছে তার জন্য আমি চিরঋণী, চিরকৃতার্থ। যাঁদের সথে আমাকে উনি এই সিনেমায় নির্বাচন করেছেন সত্যি বলছি মনে হচ্ছে সেই অসাধারণ অস্ট্রেলিয়ান টিম, যার একদিকে রয়েছেন ব্রেটলি, আরেকদিকে শেন ওয়ার্ন। মানে যেদিকে যাব সেদিকে মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করাটা আমার কাছে বেশ মুশকিল ছিল। জীবনে প্রথমবার এঁদের সঙ্গে কাজ করলাম।"
কাদের সঙ্গে কাজ করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এই ছবিতে? স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, অনুসূয়া মজুমদার, লিলি চক্রবর্তী। এই প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "এঁদের সঙ্গে অভিনয় করতে পেরেছি প্রথমবার। এটা একটা সাংঘাতিক ব্যাপার। জানি না কতটুকু পেরেছি। দর্শক দেখে মতামত জানাবেন। খুব টেনশনে আছি, এটুকু বলতে পারি।"
অন্যদিকে এদিন সুমন ঘোষ 'ফ্যামিলিওয়ালা' ছবির সেট থেকে দুটো ছবি পোস্ট করেছেন। তার সঙ্গে অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বিষয়ে জানিয়েছেন। তাঁর মতে, তাঁর এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালক, অভিনেতার জুটিটি 'ডেডলি কম্বিনেশন'। তিনি এদিন আরও লেখেন, 'যবে থেকে আমি ঋতুপর্ণ ঘোষের 'বাড়িওয়ালি' ছবিটিতে শিবুকে একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখেছি তবে থেকে ওর প্রতি মুগ্ধ আমি। এরপর ও বেশ কিছু ছবিতে কাজ করেছে, কিন্তু সবই নন্দিতা রায়ের পরিচালনায় এবং উইন্ডোজের জন্য। এই ২৫ বছর পর বাইরের কোনও পরিচালকের পরিচালনায় প্রথমবার কাজ করল। ওর সঙ্গে কাজ করতে পারার অভিজ্ঞতা অসাধারণ।'
সুমন ঘোষ তাঁর লেখায় জানিয়েছেন এই ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। কিন্তু অতি দক্ষতার সঙ্গে অভিনেতা সেটা করেছেন। পরিচালক জানিয়েছেন বর্তমানে যখন ছবির শুটিং শেষ, তখন তিনি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর রোজকার কথপোকথন মিস করছেন। এখন তাঁরা সকলেই অপেক্ষা করছেন ছবিটি মুক্তির এবং সেটা দেখে দর্শকদের কী প্রতিক্রিয়া হয় সেটার।
