স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'সংসারের সংকীর্তন'। এই ধারাবাহিকের হাত ধরে পুনরায় ছোটপর্দায় কামব্যাক করতে চলেছেন 'বামাক্ষ্যাপা'। অর্থাৎ সব্যসাচী চৌধুরী। তাঁর বিপরীতে এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী মানালি মনীষা দে-কে। এবার জানা গেল এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পূর্বাশা দেবনাথকে।
'সংসারের সংকীর্তন' ধারাবাহিকে সব্যসাচী চৌধুরীর কাকিমার চরিত্রে দেখা যাবে পূর্বাশা দেবনাথকে। এর আগে তিনি 'বুলেট সরোজিনী', 'ওগো নিরুপমা', 'মা শীতলা', 'ফুলকি' সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়া তাঁর উল্লেখযোগ্য কাজ 'রাজরাজেশ্বরী রাণী ভবানী' ধারাবাহিক। সেখানে তিনি 'ফুল্লরা'র চরিত্রে অভিনয় করেছিলেন। তবে স্টার জলসার আসন্ন এই ধারাবাহিকে তিনি ইতিবাচক না নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন সেটা স্পষ্ট নয়।
প্রসঙ্গত, 'সংসারের সংকীর্তন' ধারাবাহিকে সব্যসাচী চৌধুরীর বাবার ভূমিকায় থাকবেন শুভাশিস চক্রবর্তী। বহুদিন পর তাঁকেও ছোটপর্দায় দেখা যাবে। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন পরাণ বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, সম্প্রতি ঘোষণা করা হয়েছিল ১৩ এপ্রিল থেকে রাত ১০ টা অর্থাৎ 'চিরসখা'র স্লটে আসছে মানালি মনীষা দে এবং সব্যসাচী চৌধুরীর নতুন ধারাবাহিক। কিন্তু রাত ঘুরতেই দেখা যায় পোস্ট উধাও! ব্যাস অমনি হইচই শুরু! তবে কি 'সংসারের সংকীর্তন' ১৩ তারিখ থেকে আসছে না? নাকি 'চিরসখা'র স্লটে দেখা যাবে না? এ হেন একাধিক প্রশ্ন ঘুরতে থাকে দর্শকদের মনে। অবশেষে উত্তর মিলল। চ্যানেল কর্তৃপক্ষের তরফে পুনরায় 'সংসারের সংকীর্তন' ধারাবাহিকের নতুন প্রোমো পোস্ট করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে ১৩ এপ্রিল থেকেই আসছে সংসারের সংকীর্তন। এবং রাত ১০ টা অর্থাৎ 'চিরসখা'র স্লটেই।
এই ধারাবাহিকের গল্পে ঘটি বাড়ির মেয়ে শান্তিলতার চরিত্রে দেখা যাবে মানালিকে। তাঁর বিপরীতে বাঙাল বাড়ির ছেলে হিসেবে থাকবেন সব্যসাচী। সব্যসাচীর বাবা শুভাশিস চক্রবর্তী। ঘটি বাড়ির মেয়েকে তিনি কিছুতেই মেনে নিতে পারেন না। এমন অবস্থায় বাঙাল ঘটির এই দ্বন্দ্ব এবং পরীক্ষা সামলে কী করে নায়িকা সংসার করে সেটাই দেখার।
'সংসারের সংকীর্তন' ধারাবাহিকের আরও এক প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মানালি মনীষা দে এবং সব্যসাচী চৌধুরী বিয়ের পর গাড়ি করে বাড়ি যাচ্ছেন। তখনই স্বপ্নে নায়িকা দেখেন তাঁকে সাড়ম্বরে তাঁর শ্বশুর বাড়িতে আমন্ত্রণ জানানো হয়। শুভাশিস অর্থাৎ তাঁর শ্বশুর তাঁকে বলেন, যেহেতু মানালির বাবা নেই, তাই তিনিই আজ থেকে তাঁর বাবা। আর সেই সময়ই চমকে ঘুম ভেঙে যায় নায়িকার। তিনি উদ্বিগ্ন হয়ে সব্যসাচীকে জিজ্ঞেস করেন তাঁকে তাঁর বাবা মানবেন কিনা। নায়ক আশ্বস্ত করেন। কিন্তু মন কি আর মানে? আসলে নায়িকা বাঙাল, দক্ষিণ কলকাতায় একটি ফ্ল্যাটে একা বড় হয়েছে নিউক্লিয়ার পরিবারে। আর সেখানে নায়করা ঘটি, তায় যৌথ পরিবার। এমন অবস্থায় তিনি নিজেকে মানাতে পারবেন কিনা সেই বিষয়ে সন্দিহান। একই সঙ্গে চিন্তিত তাঁর শ্বশুর তাঁকে মানবেন কিনা। আর সেই সময়ই দেখা যায় শুভাশিস মানালিকে বউমা হিসেবে মানবেন না বলে জানিয়ে দেন। এমন অবস্থায় শ্বশুর যখন বউয়ের দিকে রাইফেল তাক করে, তখন বউমাও জোড়া বন্দুক তাক করে শ্বশুরের দিকে। এ হেন বাড়িতে সংসার নামক কোন সংকীর্তন চলবে সেটাই এখন দেখার।
















