জি বাংলার তরফে সদ্যই ঘোষণা করা হয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে 'সাত পাকে বাঁধা'। দেখা যাবে রাত ৯ টার স্লটে। তখন থেকেই জল্পনা শুরু হয় তবে কি শেষ হচ্ছে 'জোয়ার ভাঁটা'? এবার সেই জল্পনায় ইতি টেনে, চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বদলে যাচ্ছে 'জোয়ার ভাঁটা'র সময়। তাহলে শেষ হচ্ছে কোন ধারাবাহিক? 

'জোয়ার ভাঁটা' ধারাবাহিকটি আগামী ১৮ জানুয়ারি থেকে রাত ৯ টার বদলে সাড়ে আটটা থেকে দেখা যাবে। তবে কি থামছে 'আমাদের দাদামণি'? না। সেই ধারাবাহিকও ফুরাচ্ছে না। বরং বদলে যাচ্ছে সময়। এটি দেখা যাবে রাত ১০.১৫ থেকে। সফরে ইতি টানতে চলেছে 'আনন্দী'। ১৭ জানুয়ারি শেষ বারের মতো সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। তারপর মঙ্গলবার থেকে নতুন সময় দেখা যাবে 'আমাদের দাদামণি' এবং 'জোয়ার ভাঁটা'। 

যদিও টিআরপিতে 'আমাদের দাদামণি' ধারাবাহিকটি বেশ ভাল ফল করছিল। সেখানে এভাবে সময় বদলে দেওয়ায় চিন্তিত তার অনুরাগীরা। তাঁদের মতে, এতে টিআরপিতে প্রভাব পড়বে। দর্শকদের এই প্রতিক্রিয়া জানার পর 'আমাদের দাদামণি' ধারাবাহিকের নায়িকার সঙ্গে যোগাযোগ করা হয়। অনুষ্কা আজকাল ডট ইনকে বলেন, "প্রতিটি ধারাবাহিকের একটা নিজস্ব দর্শক থাকে। তাঁরা তো চাইবেন যে সময় যাতে না বদলায়। টিআরপি, স্লট টাইম, এগুলোর সঙ্গে একটা বড় ব্যবসা জড়িত থাকে। তবে আমায় ব্যক্তিগত ভাবে এগুলো বিশেষ ভাবায় না। আশা করছি, আমাদের যাঁরা একনিষ্ঠ দর্শক, তাঁরা সময় বদলালেও আমাদের সঙ্গেই থাকবেন।"

অন্যদিকে রাত ৯ টার স্লটে নতুন গল্প নিয়ে আসছে শুভ আর শাওন। 'সাত পাকে বাঁধা' ধারাবাহিকে সমাজের দুই শ্রেণীর যুবক যুবতীর কথা ফুটে উঠবে। চ্যানেল কর্তৃপক্ষের তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা গিয়েছে, শুভ গরীব পরিবারের ছেলে। দাদা, বৌদি, মা, বাবা সহ অনেককে নিয়ে থাকে। মশার উপদ্রবে ছাদে ঘুমাচ্ছিল সে। তাদের ঘর ছোট ছোট। আর সেই বাড়ির সামনেই এক মস্ত রাজপ্রাসাদ। সেখানে বিলাস, বৈভবের কোনও কমতি নেই। এই বাড়ির মেয়ে শাওন। খেতে বসে সে বিষম খাওয়ায় তার বাবা খাওয়া থামিয়ে উঠে যায়। পোষ্যকে মেয়ের থেকে বেশি ভালবাসে। তবে কি সৎ মেয়ে নাকি রয়েছে অন্য কোনও গল্প? সেটা ধারাবাহিক শুরু হলেই বোঝা যাবে। তবে এটুকু স্পষ্ট শাওন বড়লোক হলেও, বিলাসবহুল জীবন কাটালেও সেখানে ভালবাসা নেই। সে অনাদরে থাকে। অন্যদিকে শুভ সামান্য বিষম খেলে বাড়ির সবাই ছুটে আসে। তারা গরীব হলেও ভালবাসার কমতি নেই। এমন অবস্থায় দুজনের মন কী করে এক সুতোয় বাঁধা পড়বে, কাছাকাছি আসবে বা 'সাত পাকে বাঁধা' পড়ে সেটাই দেখার। শুভর চরিত্রে দেখা যাবে রাহুল মজুমদারকে। শাওনের চরিত্রে অভিনয় করবেন নবাগতা সম্পূর্ণা রক্ষিত। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন দেবদূত ঘোষ, চান্দ্রেয়ী ঘোষ, প্রমুখ।