ফের বিনোদনের শিরোনামে উঠে এলেন জীতু কামাল। এবার অভিনেতাকে নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে। নিজের প্রযোজনা সংস্থা আনতে চলছেন তিনি। সূত্রের খবর, তাঁর প্রোডাকশন হাউসের নাম বাসুকী ফিল্মস।
জানা যাচ্ছে, অনেকদিন ধরেই এই পরিকল্পনা করছিলেন জীতু। শুধু অভিনয় নয়, এবার গল্প বাছাই থেকে শুরু করে ছবি তৈরির পুরো প্রক্রিয়াতেই সক্রিয়ভাবে যুক্ত থাকতে চান তিনি। যদিও এনিয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এখনই কিছু বলতে রাজি হননি।
ইতিমধ্যে টলিপাড়ায় এই খবর ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, জীতুর এই পদক্ষেপ তাঁর কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করতে চলেছে। তবে এখনও পর্যন্ত তাঁর প্রথম প্রজেক্ট নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে অভিনেতা থেকে প্রযোজকের পথে হাঁটতে চলা জীতু কামালের এই নতুন ইনিংস নিয়ে দর্শক ও ইন্ডাস্ট্রির মধ্যে উৎসাহ প্রবল।
প্রসঙ্গত, সম্প্রতি একের পর এক জটিলতায় জড়িয়েছেন জীতু। কয়েক মাস আগেই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিককে ঘিরে দিতিপ্রিয়ার সঙ্গে তাঁর কলহ সামনে আসে। দফায় দফায় তার রফাসূত্র খুঁজতে হয় বৈঠক। মীমাংসার চেষ্টা করে প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত সিরিয়াল ছেড়ে বেরিয়ে যান দিতিপ্রিয়া। ছোটপর্দার সেই সমস্যার রেশ কাটতে না কাটতেই আবার দিন কয়েক আগে 'এরাও মানুষ' ছবিকে ঘিরে আরেক সমস্যায় পড়েন ‘আর্য’।
গত মঙ্গলবার দিনভর জীতু কামালের 'এরাও মানুষ' ছবিকে একাধিক সমস্যা সামনে আসে। প্রথমে রটে যায় জিতুর এই ছবির সেট ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনা। প্রকাশ্যে আসে অভিনেতার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ। যদিও আসলে কী ঘটেছিল তা নিয়ে আজকাল ডট ইনের কাছে সবটা জানান জীতু। তাঁর সঙ্গে দুর্ব্যবহারের ক্যামেরাবন্দি মুহূর্ত সমাজমাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করেন নায়ক। এখানেই থেমে থাকেননি, আইনি পথে হেঁটে বড় পদক্ষেপ নেন অভিনেতা। তিনি বলেন, "নির্মাতাদের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।" ইতিমধ্যে প্রযোজক তথা পরিচালক সাঁই প্রকাশ লাহিড়ীকে নোটিস পাঠানো হয়েছে বলে খবর।
