সম্প্রতি কাস্টিং ডিরেক্টর অনিমেষ বাপুলি সমাজমাধ্যমে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। সেখানে তাঁর সঙ্গে এক অভিনেত্রীর কথোপকথন দেখা যাচ্ছে। অনিমেষ তাঁকে মায়ের চরিত্রের জন্য অডিশনের কথা বললে, জবাবে অভিনেত্রী স্পষ্ট বলেন তিনি পেশাগত জীবনে অনেক ভাল কাজ করেছেন তাই এই ধরনের অডিশন দেবেন না তিনি। শুধু তাই নয়, তাঁকে গালাগাল করেন, করেন অপমানও। কিন্তু কে এই অভিনেত্রী? পোস্টটির কমেন্টে চোখ রাখলেই বোঝা যাচ্ছে এই অভিনেত্রী হলেন ঋ ওরফে ঋতুপর্ণা সেন। 

গোটা বিষয়টা নিয়ে অনিমেষ বাপুলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কারও নাম তিনি প্রকাশ্যে আনতে চান না। তবে স্বীকার করে নেন এই অভিনেত্রী ঋ, মানে ঋতুপর্ণা সেন। বলেন, "আমার উদ্দেশ্য কাউকে নিচু করা নয়। কিন্তু আমি কারও কাছে কাজ নিয়ে যাচ্ছি, আর তারপর তিনি আমায় ব্যক্তিগত ভাবে আক্রমণ করবেন, অপমান করবেন সেটাও কাম্য নয়। সেটা ঠিক নয়। আমি তো কারও পিআর নই বা টাকা নিয়ে কাজ করছি না যে তাঁর জন্য আমি কাজ খুঁজে এনে দেব, বা সেটা করতে বাধ্য। আমি চেষ্টা করি যাতে আমাদের এখানকার লোকজন কাজ পায়।" 

অডিশনের প্রস্তাব দেওয়ায় এ হেন উত্তর প্রসঙ্গে অনিমেষ বলেন, "অভিনেতা, অভিনেত্রীদের মধ্যে প্রকারভেদ রয়েছে। যাঁরা সত্যিই কাজটাকে ভালবাসেন, ভাল কাজ করার যাঁদের খিদে আছে তাঁরা কখনই পিছপা হন না অডিশন দিতে। এমনকী রজতাভ দত্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো বড় মাপের অভিনেতারাও অডিশন দিয়েছেন আমার কাছে, কাজের জন্য। তাঁরা সিলেক্ট হয়েছেন, কাজও করেছেন। খরাজদাও যে জলি এলএলবি থ্রিতে কাজ করেছেন, তিনিও অডিশন দিয়েছিলেন। কাঞ্চনদাও। মোটামুটি বড় মাপের যাঁরা সবাই অডিশন দিয়েছেন। কিছু কিছু উন্নাসিক অভিনেতা, অভিনেত্রী রয়েছেন যাঁদের অডিশন দেওয়ার কথা বললেই এমন ভাব করে, আমি এত কাজ করেছি আমার কাছে অডিশন চাইছ কীভাবে?"

অনিমেষ তাঁর সমাজমাধ্যমের পোস্টে লেখেন, 'কাস্টিং ডিরেক্টর তোমাকে অ্যাপ্রোচ করছে মানে তুমি কোনও ফেভর করছ না। অডিশন একটা বেসিক ফিল্টার —এটা ইগো ক্ল্যাশ না, এটা প্রফেশনালিজম। সবচেয়ে শকিং জিনিস— একটা সম্মানজনক রিপ্লাইয়ের উত্তরে ব্যক্তিগত আক্রমণ। এখানেই বোঝা যায়— কেউ কাজ দিয়ে বড় হয়, আর কেউ অ্যাটিটিউড দিয়ে ছোট হয়ে যায়। এই ইন্ডাস্ট্রিতে আমি প্রতিদিন এমন মানুষদের সাথে কাজ করি যারা অনেক বড়, অনেক প্রতিষ্ঠিত— কিন্তু তাদের মধ্যে একটা জিনিস কমন। তাঁরা এই প্রক্রিয়াকে সম্মান করেন। যারা প্রসেসকে সম্মান করে না, তারা আসলে নিজেদেরকেই এক্সপোজ করে। আমি নাম বলছি না— কারণ আমার কাজ নয়েজ ক্রিয়েট করা না, কাজ করা।'

তাঁর এই পোস্টে নন্দিনী চট্টোপাধ্যায়, অভিজিত সরকার, সংঘশ্রী সিনহা, প্রমুখের মতো অভিনেতা, অভিনেত্রীরা মন্তব্য করেছেন।