টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্যে এবার ঘৃতাহুতি দিলেন পরিচালক-অভিনেতা জয়দীপ মুখোপাধ্যায়। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট এখন টলিপাড়ার অন্দরে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। ‘তৎপরতা’ বনাম ‘গা বাঁচানোর খেলা’—জয়দীপের কলমে উঠে এল এক চরম তিক্ত সত্য।
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণ কেবল টলিউডের ক্ষতি নয়, বরং ইন্ডাস্ট্রির কাজের পরিবেশ নিয়ে একরাশ অন্ধকার প্রশ্ন তুলে দিয়েছে। শ্যুটিং সেটের নিরাপত্তা এবং প্রযোজনা সংস্থাগুর গাফিলতি নিয়ে যখন চারদিকে ছিছি পড়ে গিয়েছে, ঠিক তখনই রাগে ফেটে পড়লেন পরিচালক-অভিনেতা জয়দীপ মুখোপাধ্যায়।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একেনবাবু সিরিজ-ছবি খ্যাত পরিচালক জয়দীপ সরাসরি আঙুল তুলেছেন ইন্ডাস্ট্রি এবং প্রশাসনের দিকে। তাঁর দাবি, গত কয়েকদিন ধরে রাজনৈতিক চাপানউতোর, আর্টিস্ট ফোরামের বিবৃতি এবং প্রযোজনা সংস্থার বয়ান—সবই আসলে ‘গা বাঁচানোর’ চেষ্টা। জয়দীপ লিখেছেন, "আশ্চর্যের বিষয় হল, এখনও সময় ব্যয় করার খেলাই চলছে! যদি এই তৎপরতা সময়মতো দেখানো হতো, তবে আজ রাহুলকে নিয়ে শোকপ্রকাশ করার প্রয়োজনই পড়ত না।"
দেশের বর্তমান বিচার ব্যবস্থার ওপর অনাস্থা প্রকাশ করে জয়দীপ আরও বলেন, "এমন পোড়া দেশে থাকি যেখানে অভয়াই (আর জি কর কাণ্ড) বিচার পায় না, সেখানে অভাগা এক অভিনেতা বিচার পাবে, এ আশা করতে পারি না।" ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসেবে নিজেকে লজ্জিত মনে করছেন বলেও জানান এই পরিচালক - "ভাবতে খারাপ লাগে আমিও এই ইন্ডাস্ট্রির একজন! কিন্তু তবুও বিচার চাই!"

ইতিমধ্যেই টলিপাড়ার একটা বড় অংশ রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। চিত্রনাট্যে না থাকা ড্রোন শট নিতে গিয়ে কীভাবে এক অভিনেতার ফুসফুসে বালি ঢুকে মৃত্যু হল, সেই জট এখনও খোলেনি। পাশাপাশি, চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা সংস্থার পক্ষ থেকে রাহুলের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জোরালো হচ্ছে। রাহুলের মৃত্যু কি স্রেফ একটি দুর্ঘটনা, নাকি ‘সিস্টেম’-এর হাতে এক শিল্পীর মৃত্যু? জয়দীপের এই পোস্টের পর টলিপাড়ার অন্দরে শুরু হয়েছে এক নয়া বিদ্রোহ। এখন দেখার, এই প্রতিবাদের আগুন শেষ পর্যন্ত বিচার এনে দিতে পারে কি না।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছে অভিনেতা অভিনেত্রী কলকুশলীদের নিরাপত্তা নিয়ে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল সেই বিষয় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রযোজনা সংস্থাকে একটি চিঠি দেওয়া হয়৷ যদিও শোনা গিয়েছিল আর্টিস্ট ফোরাম এফআইআর করবে৷ কিন্তু এফআইআর করার পরিবর্তে কেন শুধু চিঠি পাঠাল আর্টিস্ট ফোরাম? প্রশ্ন উঠেছে এই বিষয়টি নিয়েও।















