দীর্ঘ ৬ বছরের প্রতীক্ষার অবসান! সারা বিশ্ব ছড়িয়ে থাকা মার্ভেলপ্রেমী থেকে শুরু করে প্রেক্ষাগৃহ মালিকদের মুখে হাসি ফুটিয়ে অবশেষে ফিরছে অ্যাভেঞ্জার্স। সিনেমা কন-এ ডিজনি প্রকাশ করল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার। রবার্ট ডাউনি জুনিয়র বনাম স্টিভ রজার্স—ফের এই মহাযুদ্ধের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব।
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (এমসিইউ) আবারও তাদের সেরা বাজি ধরেছে। ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর সবথেকে বড় ধামাকা নিয়ে ফিরছেন রুসো ব্রাদার্স। সিনেমা কন-এ প্রকাশিত ট্রেলারে দেখা গেল, ‘ডক্টর ডুম’-এর সবুজ হুডি আর ধাতব মুখোশে খোদ রবার্ট ডাউনি জুনিয়রকে, যিনি এবার মাল্টিভার্স দখলের নেশায় মত্ত।
ট্রেলারের সবথেকে বড় মুহূর্ত হল ক্রিস ইভান্স অর্থাৎ স্টিভ রজার্সের (ক্যাপ্টেন আমেরিকা) ফিরে আসা। ‘এন্ডগেম’-এ বৃদ্ধ রজার্স বিদায় নিলেও, এবার কোন উপায়ে তিনি ফিরলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে ট্রেলারে দেখা যায়, ডক্টর ডুমের মুখোমুখি দাঁড়িয়ে আবারও থরের হাতুড়ি ‘মজোলনির’ দখল নিচ্ছেন স্টিভ। অন্যদিকে, ডক্টর ডুমকেও দেখা গেছে খালি হাতে থরের সেই জাদুকরী হাতুড়ি অবলীলায় ধরে ফেলতে।

এবারের প্রেক্ষাপট আরও বিশাল। অ্যাভেঞ্জার্সদের সঙ্গে যোগ দিচ্ছে এক্স-মেন এবং ফ্যান্টাস্টিক ফোর। প্রফেসর জেভিয়ার (প্যাট্রিক স্টুয়ার্ট), গ্যাম্বিট (চ্যানিং ট্যাটাম) এবং শাং-চি (সিমু লিউ)-এর উপস্থিতি ট্রেলারের রোমাঞ্চ বাড়িয়ে দিয়েছে। এমনকী ফ্লোরেন্স পিউ অর্থাৎ ইয়েলেনা বেলোভার মুখোমুখি নিজেরই অন্য এক রূপকে (মিস্টিক) লড়াই করতে দেখা গেছে। এ ছবি এককথায় ‘এক্স-মেন’, ‘ফ্যান্টাস্টিক ফোর’ ও ‘থান্ডারবোল্টস’দের নিয়ে এক মহাযুদ্ধ!
‘ডুমসডে’-তে পল রুড (অ্যান্ট-ম্যান), অ্যান্থনি ম্যাকি (স্যাম উইলসন), পেড্রো পাসকাল (মিস্টার ফ্যান্টাস্টিক) এবং ইয়ান ম্যাককেলেনের (ম্যাগনেটো) মতো তারকারা থাকছেন। রুসো ব্রাদার্স পরিচালিত এই ছবি এবং ২০২৭-এর ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ারস’ এই দুই পর্বের মাধ্যমেই শেষ হবে মার্ভেলের ‘মাল্টিভার্স সাগা’।
২০১৯ সালে ‘এন্ডগেম’ বিশ্বজুড়ে ২.৮ বিলিয়ন ডলার আয় করে ইতিহাস গড়েছিল। ২০২৬ সালে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সেই রেকর্ড ভাঙতে পারে কি না, সেটাই এখন দেখার। উল্লেখ্য, এই ছবিটির সঙ্গেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ডিউন: পার্ট থ্রি’-র। ফলে একই দিনে হলিউডের দুই মহাযুদ্ধের সাক্ষী থাকবে বক্স অফিস।
















