সম্প্রতি মুক্তি পাওয়া হিন্দি ওয়েব সিরিজ 'চিড়িয়া' নিয়ে চর্চা চলছে নেটপাড়া থেকে সমালোচক মহলে। এই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দিব্যা দত্ত।‌ গল্পে সমাজে মহিলাদের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গিয়েছে দিব্যাকে। এই সিরিজের প্রচারে এসে অভিনেত্রী নিজের জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভাগ করেন। যা শুনে শিউরে উঠছেন নেটিজেনরা। 

এক সময় শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল তাঁকে ও তাঁর বোনকে। তবে সেই কঠিন পরিস্থিতিতে তাঁর মা যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, তা আজও দিব্যার মনে সাহস জোগায়।
ঘটনাটি ঘটেছিল লুধিয়ানায়, যখন দিব্যা বেশ ছোট। অভিনেত্রী জানান, একবার তিনি তাঁর দিদির সঙ্গে ফিরছিলেন। সেই সময় রাস্তায় কিছু বখাটে যুবক তাঁদের পিছু নেয়। শুধু পিছু নেওয়াই নয়, অশালীন মন্তব্য এবং অঙ্গভঙ্গির মাধ্যমে তাঁদের উত্যক্ত করতে শুরু করে তারা। 

সাক্ষাৎকারে দিব্যা বলেন, "একটি ছেলে এতটাই দুঃসাহস দেখিয়েছিল যে সে আমার বোনের নিতম্বে হাত দেওয়ার বা চিমটি কাটার চেষ্টা করছিল। আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম।"
সেই সময়ে সাধারণ মেয়েরা সাধারণত চুপচাপ পালানোর চেষ্টা করে, কিন্তু দিব্যা ও তাঁর বোন বাড়ি ফিরে বিষয়টি তাঁদের মাকে জানান। দিব্যা জানান, তাঁর মা ছিলেন ভীষণ সাহসী এবং প্রতিবাদী একজন মানুষ। তিনি কেবল সান্ত্বনা দিয়েই ক্ষান্ত হননি, বরং তৎক্ষণাৎ মেয়েদের নিয়ে সেই নির্দিষ্ট স্থানে ফিরে যান যেখানে ওই ঘটনাটি ঘটেছিল। এবং প্রতিবাদ করতেও পিছপা হননি। এরপরেও একবার কোচিং থেকে ফেরার পথে হেনস্থার শিকার হতে হয়েছিল দিব্যাকে। অভিনেত্রী জানান, তখনও তাঁর মা রুখে দাঁড়িয়েছিলেন।

অভিনেত্রী মনে করেন, আজকের সমাজে মেয়েদের যে সাহসের প্রয়োজন, তার বীজ তাঁর মা সেদিনই তাঁর মনে বুনে দিয়েছিলেন। এই ঘটনার কথা বলতে গিয়ে দিব্যা আবেগপ্রবণ হয়ে পড়েন। দিব্যার এই অভিজ্ঞতার কথা এখন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।