আবারও ছোটপর্দায় ফিরতে চলেছেন দিতিপ্রিয়া রায়। জল্পনা এমনই। তবে কোনও ধারাবাহিক নয়। টলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে তাঁকে এবার দেবো দুর্গার ভূমিকায় দেখা যাবে। বিষয়টা কি সত্যি?
সম্প্রতি জল্পনা রটে মহালয়ার সকালে ছোটপর্দায় দেবী দুর্গা হয়ে অবতীর্ণ হবেন দিতিপ্রিয়া রায়। কোন চ্যানেলে দেখা যাবে? কানাঘুষোয় শোনা যাচ্ছে সান বাংলায় দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই নাকি লুক সেটও হয়ে গিয়েছে তাঁর। তবে বিষয়টা কি সত্যি? আজকাল ডট ইনকে এই বিষয়ে অভিনেত্রী বলেন, 'এখনই এই বিষয়ে কোনও কথা বলতে পারব না। যদি বিষয়টা হয় সত্যিই, নিশ্চয়ই জানাব।' ফলে দিতিপ্রিয়া রায়ের অনুরাগীরা তাঁকে আবারও ছোটপর্দায় দেখতে পাবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। এই উত্তর পাওয়ার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
অভিনেত্রী নিজে বিশেষ কিছু না বলতে চাইলেও, এদিন সান বাংলার তরফে জল্পনায় সিলমোহর দেওয়া হল। তাদের মহালয়ার প্রভাতী অনুষ্ঠানের নাম রাখা হয়েছে অভয়াশক্তি। ১০ অক্টোবর সম্প্রচারিত হবে এই বিশেষ অনুষ্ঠান। প্রথমবারের জন্য সান বাংলার পর্দায় দেবী দুর্গা রূপে অবতীর্ণ হবেন দিতিপ্রিয়া। তবে অতীতে তিনি জি বাংলায় দুর্গা হয়েছে।
সান বাংলার এই অনুষ্ঠানে কেবল দুর্গা নয়, পার্বতী, উগ্রচণ্ডী, ভদ্রকালীর রূপের মহিমার কথাও জানানো হবে। উক্ত দেবী রূপেও দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, জি বাংলার পর্দাতেও আরও এক অভিনেত্রী ফিরতে চলেছেন যাঁর কেরিয়ারের শুরুটা ছোটপর্দা থেকেই হয়েছিল। ইধিকা পালকে এই চ্যানেলে দুর্গার ভূমিকায় দেখা যাবে বলেই খবর। তবে এখনও চ্যানেল কর্তৃপক্ষ বা অভিনেত্রী, কারও তরফেই নিশ্চিত বার্তা আসেনি।
বলাই বাহুল্য, দুর্গাপুজোর গন্ধ বয়ে আনে মহালয়া। আর মহালয়ার সকাল মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ এবং রেডিওতে মহিষাসুরমর্দিনী শুনে টিভিতে মহালয়ার প্রভাতী অনুষ্ঠান দেখা। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন অভিনেত্রীকে দুর্গার ভূমিকায় দেখা যায়। আর কয়েক মাসের অপেক্ষা, তারপরই সপরিবারে মর্ত্যে আসবেন দেবী। তার আগে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে কোন চ্যানেলে কোন অভিনেত্রীকে দুর্গার ভূমিকায় দেখা যাবে।
সান বাংলার এই অনুষ্ঠানে কেবল দুর্গা নয়, পার্বতী, উগ্রচণ্ডী, ভদ্রকালীর রূপের মহিমার কথাও জানানো হবে। উক্ত দেবী রূপেও দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'রাণী রাসমণি' ধারাবাহিকের বহু বছর পর সম্প্রতি ছোটপর্দায় ফিরেছিলেন দিতিপ্রিয়া রায়। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে অপুর ভূমিকায়। কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি সেই ধারাবাহিক ছেড়ে দেন। তাঁর জায়গায় আসেন শিরিন পাল।
















