অংশুমান প্রত্যুষের বাংলা ছবি 'বোসডিকে'র শুটিং চলছে। নায়কের চরিত্রে বনি সেনগুপ্ত। এই ছবির ক্যামেরার দায়িত্বে আছেন সুমন মাঝি। আর এবার সেখানেই বিপত্তি। জানা যাচ্ছে, সুমন যেহেতু ক্যামেরা গিল্ডের সদস্য নন, তাই ছবির কাজে তাঁর উপস্থিতি নিয়ে বাধ সাধছেন ক্যামেরা গিল্ড কতৃপক্ষ। এই বিষয়ে প্রতিবাদ করে সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করেন অংশুমান। ওই ভিডিওতে ঘটনার বর্ণনাও দেন তিনি।

এই সমস্যার নেপথ্যে কী কারণ? আজকাল ডট ইন-কে পরিচালক বলেন, "সুমন আমার ছবিতে ক্যামেরার দায়িত্বে আছে। কিন্তু ক্যামেরা গিল্ড জানায় ও তাঁদের সদস্য না হওয়ায় ওর সঙ্গে কাজ করা যাবে না। তখন আমি বলি ক্যামেরা গিল্ড মেম্বারদের নিয়েও কাজ করব, কিন্তু সুমন থাকবেই ছবিতে। ওর ক্রিয়েটিভ দিকটা আমার ছবির জন্য দরকার। কিন্তু ওঁরা আপত্তি জানান। আমি কাজ বন্ধ করে তো রাখতে পারি না। তাই আমি ক্যামেরা গিল্ডের বাইরের সদস্যদের নিয়েই কাজ করব বলে ঠিক করেছি।"

অংশুমানের কথায়, "এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কখনও গিল্ডের সাহায্য পেয়েছি আবার কখনও পাইনি। আমার তো কোনওকিছুতে আপত্তি নেই। আমার স্বাধীনভাবে কাজ করার অধিকারও আছে। যে গিল্ডের সদস্যরা আমার সঙ্গে কাজ করতে চাইবেন তাঁদের নিয়েই করব। যাঁরা চাইবেন না তাঁদের বাদ দিয়েই করব। কিন্তু শুটিং বন্ধ করব না। আমি ফেডারেশন এবং ইম্পাকে এর সমাধান চেয়ে চিঠি দিয়েছি। সেখান থেকেও এখনও পর্যন্ত কোনও উত্তর আসেনি। দেখা যাক আগামীতে কী হয়। এর জন্য আমার তরফ থেকে শুটিং বন্ধ থাকবে না। এটুকু বলতে পারি। যদিও জানি না এরপর কী হবে!"