আর্টিস্ট ফোরামের সহকারী কোষাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেতা দিগন্ত বাগচী। গত শনিবার ইস্তফা পত্র ফোরামে জমা দিয়েছেন তিনি। এবং সেটা গ্রহণও করা হয়েছে বলে খবর। কিন্তু কেন আর্টিস্ট ফোরামের পদ ছাড়লেন দিগন্ত? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সঙ্গে।

দিগন্ত বাগচীর কথায়, "এই প্রথম নয়। চলতি বছর ৮ ফেব্রুয়ারি আর্টিস্ট ফোরামের ইলেকশন হয়। আর তারপর ১৪ ফেব্রুয়ারি আমি রেজিগনেশন দিই। আসলে জয়ী ও পরাজিতদের মধ্যে খুব একটা ভোটের ফারাক ছিল না। যে কোনও সময় পরাজিত প্রার্থী চ্যালেঞ্জ করতে পারতেন। ফলে, এই জটিলতার মধ্যে আমি ঢুকতে চাইছিলাম না। একদম ভাল লাগছিল না এসব। তাই খুব ব্যক্তিগত কারণেই রেজিগনেশন জমা দিয়েছিলাম। কিন্তু তখন বুম্বাদা (প্রসেনজিৎ চ্যাটার্জি) আমাকে বলেন, এখনই এসব করিস না। সিনিয়রদের সম্মান করেই তখন আর কিছু বলিনি।"

তিনি আরও বলেন, "এরপর হঠাৎই রাহুল (রাহুল অরুণোদয় ব্যানার্জি)-এর ঘটনাটা ঘটে। আমরা সবাই সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ফলে আমার ইস্তফাটা তখন ধামাচাপা পড়ে যায়। পরিস্থিতি একটু ঠিক হতেই গতকাল ইস্তফা দিই। সবটাই আমার ব্যক্তিগত কারণে, এর মধ্যে কোনও বাহ্যিক প্রভাব বা রাজনৈতিক রঙ নেই। আর যারা আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন, আমি নাকি ফোরাম ভাঙার হুমকি দিয়েছি! তাঁরা প্রমাণ দিক আগে।"

দিগন্ত বাগচীর ইস্তফা নিয়ে আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখার্জি ও অন্যান্য সদস্যদের সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে জানা গিয়েছে, এই মুহূর্তে তাঁরা অভ্যন্তরীণ মিটিংয়ে ব্যস্ত। তাই এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে পারেননি।