বলিউডের খ্যাতনামা প্রযোজক-পরিচালক আদিত্য ধর -এর ছবি ‘ধুরন্ধর’ ছবির প্রোডাকশন ডিজাইনার সাইনি এস জোহরে -এর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার মামলায় এবার উঠে এল এক চাঞ্চল্যকর মোড়। চণ্ডীগড় পুলিশের এফআইআর এবং গ্রেফতারির পর, এবার এই বিতর্কে যোগ হলো একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটির বিস্ফোরক রিপোর্ট এবং চলচ্চিত্র জগৎ থেকে ওই টেকনিশিয়ানকে কার্যত বয়কটের সিদ্ধান্ত।

খবর, আদিত্য ধর এবং লোকেশ ধরের প্রযোজনা সংস্থা ‘বি৬২ স্টুডিওস’ -এর অভ্যন্তরীণ তদন্ত কমিটি সাইনি জোহরেকে যৌন হেনস্থা ও তথ্যপ্রমাণ লোপাটের দায়ে দোষী সাব্যস্ত করেছে। এর পরেই ওঁর বিরুদ্ধে বিনোদন দুনিয়ায় বড়সড় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।
সূত্রের খবর, ২০১৫ সালের অক্টোবর মাসে এক নারী কর্মী সাইনি জোহরের বিরুদ্ধে ‘বি৬২ স্টুডিওস’-এ লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সংস্থার অভ্যন্তরীণ যৌন হেনস্থা প্রতিরোধ কমিটি (POSH Committee) বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।

 

 

ঘনিষ্ঠ এক সূত্র সংবাদমাধ্যমের কাছে দাবি, “যৌন হেনস্থার বিরুদ্ধে প্রযোজনা সংস্থার জিরো-টলারেন্স নীতি রয়েছে। সেই কারণে পশ (POSH) কমিটি প্রায় ছয় মাস ধরে অত্যন্ত নিখুঁতভাবে এই ঘটনার অভ্যন্তরীণ তদন্ত চালায়, যা এই বছরের মার্চ মাসের শেষে বা এপ্রিলের শুরুতে শেষ হয়। তদন্তে সাইনি জোহর দুটি গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন— এক, যৌন হয়রানি এবং দুই, তথ্যপ্রমাণ টেম্পারিং বা নষ্ট করা । কমিটির এই সিদ্ধান্তের কথা অভিযোগকারিণীকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে।”


এর আগে গত ২০শে এপ্রিল চণ্ডীগড়ের সেক্টর-১৭ থানায় সাইনি জোহরের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন দিল্লির এক বাসিন্দা। খবর, ওই নারী অভিযোগ করেছিলেন যে জোহর তাঁকে চণ্ডীগড়ের তাজ হোটেলের একটি ঘরে ডেকে পাঠান। অভিযোগকারিণীর দাবি অনুযায়ী, জোহর তাঁকে হোটেলের ঘরে আটকে রেখে যৌন হেনস্থা ও শারীরিক নির্যাতন করেন। শুধু তাই নয়, ওঁর পানীয়ের সঙ্গে কোনও মাদক বা নেশাদ্রব্য মিশিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে ওঁর শারীরিক অবস্থার চরম অবক্ষয় ঘটে।”

প্রাথমিক তদন্তের পর চণ্ডীগড় পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা-র ৭৪, ৭৯, ১২৩ এবং ১২৬(২) ধারায় মামলা রুজু করে সাইনি জোহরেকে গ্রেফতার করে। যদিও পরবর্তীতে জেলা আদালত থেকে তিনি জামিন পান।

এই চরম বিতর্কের জেরে সাইনি জোহরের কেরিয়ারে বড় ধাক্কা লেগেছে।’ ওটিটি প্ল্যাটফর্মে ‘ধুরন্ধর’ ছবির মূল সংস্করণে ওঁর নাম থাকলেও, গত ২২শে মে মুক্তি পাওয়া ছবির ‘র অ্যান্ড আনদেখা’ ভার্সন থেকে ওঁর নাম সম্পূর্ণ ছেঁটে ফেলা হয়েছে। অন্যদিকে, এও শোনা যাচ্ছে যশ রাজ ফিল্মস তাদের আগামী বহু প্রতিক্ষিত ওয়েব সিরিজ ‘আক্কা’-র ক্রেডিট থেকে সাইনি জোহরের নাম মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। কীর্তি সুরেশ, রাধিকা আপ্তে এবং তনভি আজমি অভিনীত এই মেগা সিরিজের সিনেমাটোগ্রাফার প্রতীক শাহ্ প্রথম থেকেই প্রজেক্টটির সাথে যুক্ত আছেন এবং ওঁর চুক্তি অনুযায়ী কাজ শেষ করেছেন।