২০২৩ এবং ২০২৪-এর বক্স অফিসের খরা কাটিয়ে ২০২৬-এ ফের রাজার মতো প্রত্যাবর্তনের মেজাজে রয়েছেন সলমন খান। এই মুহূর্তে মুম্বইয়ে দক্ষিণী প্রযোজক দিল রাজু এবং পরিচালক ভামশী পৈদিপল্লির নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত টাইগার। সলমনকে নিয়ে এই প্রজেক্টে যে নির্মাতারা কোনও খামতি রাখছেন না, তার প্রমাণ মিলল এবার। সলমনের লুকে বড়সড় চমক দিতে তাঁরা নিয়োগ করেছেন বলিউডের অন্যতম দাপুটে মেকআপ এবং প্রস্থেটিক্স শিল্পী প্রীতিশীল সিং-কে।
খবর, এই নামহীন ছবিতে সলমনকে একাধিক লুকে দেখা যাবে। আর সেই লুকগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তোলার দায়িত্ব পড়েছে প্রীতিশীলের কাঁধে। এর আগে আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবিতে অসামান্য প্রস্থেটিক্সের কাজ করে ভারতজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার সলমন খানের ‘লুক’ বদলে দিতে বদ্ধপরিকর এই শিল্পী। শুটিং সেটের ঘনিষ্ঠ এক সূত্রের খবর, প্রীতিশীলের তৈরি নতুন লুকগুলো দেখে খোদ সলমনও বেশ উৎসাহিত। এই অ্যাকশন এন্টারটেইনারে তাঁর লুক আগে কখনও কোনও ছবিতে দেখা যায়নি। সূত্রের দাবি, “ভামশী পৈদিপল্লির নির্দেশনায় প্রীতিশীল সলমনের প্রতিটি লুক ডিজাইন করেছেন। সলমন তাঁর এই নতুন মেকওভারে অত্যন্ত খুশি এবং প্রতিটি লুকে নিজেকে ফুটিয়ে তুলতে দিনরাত পরিশ্রম করছেন।”
ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। শুটিংয়ের প্রথম পর্যায় থেকেই সলমন ও নয়নতারার অন-স্ক্রিন রসায়ন নিয়ে টিম বেশ আশাবাদী। তাঁদের জুটির এই নতুন সমীকরণ পর্দার বড় আকর্ষণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
প্রযোজক দিল রাজু এবং পরিচালক ভামশী পৈদিপল্লির এই মেগা প্রজেক্টটি ২০২৭-এর ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে ভক্তদের খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী ১৫ দিনের মধ্যেই ছবিটির একটি ‘টাইটেল লঞ্চ ভিডিও’ বা আনুষ্ঠানিক নাম ঘোষণার ভিডিও প্রকাশ করা হবে। নির্মাতাদের দাবি, ছবির নাম প্রকাশ্যে আসার পর তা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেবে।
পরপর ফ্লপের ধাক্কা কাটিয়ে নতুন লুক আর নতুন জুটিকে সঙ্গী করে ২০২৭-এর ইদ কি তবে ফের সলমনের দখলে যাবে? প্রীতিশীলের ছোঁয়ায় ভাইজানের এই ‘নেভার সিন বিফোর’ অবতার দেখার অপেক্ষায় এখন দিন গুনছে তাঁর কোটি কোটি অনুরাগী।















